তেল-গ্যাস জাতীয় কমিটির লংমার্চ ২৮ অক্টোবর
তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটি ২৮—৩১ অক্টোবর ঢাকা থেকে বাদশাগঞ্জ পর্যন্ত লংমার্চ করবে। অবিলম্বে জাতীয় সংস্থার মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন, কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, পিএসসি-২০১১ প্রক্রিয়া বন্ধ, ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নসহ সাত দফা দাবিতে সংগঠনটি এই লংমার্চ ডেকেছে।আজ মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে লংমার্চের কর্মসূচি পড়ে শোনান সংগঠনের সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ।কর্মসূচির মধ্যে রয়েছে—২৮ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা, বিকেলে গাজীপুরে জনসভা, ২৯ অক্টোবর বিকেলে ময়মনসিংহে, ৩০ অক্টোবর বিকেলে নেত্রকোনায় এবং ৩১ অক্টোবর সুনেত্র গ্যাসক্ষেত্র এলাকার বাদশাগঞ্জে জনসভা হবে। এ ছাড়া লংমার্চ চলাকালে পথে পথে সভা, গান, নাটক, প্রদর্শনী ও মিছিল হবে।এ সময় বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, সিপিবির নেতা রুহিন হোসেন, মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিমল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।