তেল-গ্যাস রক্ষা কমিটির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা
গ্যাস-বিদ্যুৎ-সংকট নিরসনের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পদযাত্রা কর্মসূচিতে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে পণ্ড করে দেন। তেল-গ্যাস রক্ষা কমিটি দাবি করেছে, হামলায় তাদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রথম আলোকে জানান, চলমান গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে বিভিন্ন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বিকেল পাঁচটার দিকে শাহবাগ থেকে পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচি শুরু হয়। নিউমার্কেটে এসে কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। তিনি বলেন, পদযাত্রার মিছিল সাড়ে পাঁচটার দিকে ঢাকা কলেজের সামনে এলে ২০-২৫ জন যুবক মিছিলের পথ আগলে দাঁড়ান। তাঁরা ‘ছাত্রলীগ করি’ বলে নিজেদের পরিচয় দেন। একপর্যায়ে যুবকেরা পদযাত্রার ব্যানার ছিনিয়ে নেন, মাইক ভাঙচুর এবং স্লোগানদাতা, মাইকের পরিচালক, রিকশাচালককে মারধর করেন ও অন্যদের ধাওয়া দেন। এই হামলায় অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।রুহিন হোসেন জানান, ছাত্রলীগের কর্মীরা মিছিলের সামনে থাকা তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় নেতা রাগিব আহসান, আবদুস সালাম ও তাঁকেও (রুহিন হোসেন) লাঞ্ছিত করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ছালাহ উদ্দীন জানান, তখন তাঁরা মাইকে স্লোগান দিচ্ছিলেন, ‘ঢাকা শহরে বিদ্যুৎ নেই, শেখ হাসিনা জবাব চাই’। এরপর ছাত্রলীগের কর্মীরা প্রথমে তাঁর (প্রিতম) ওপর হামলা চালান। তাঁরা ব্যানার ছিনিয়ে নেন ও মাইক ভাঙচুর করেন।এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা মাহামুদুল আলম প্রথম আলোকে জানান, এ ঘটনার সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। এটা কারা করেছে, তাও তাঁর জানা নেই।এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ওরা (ঢাকা কলেজ ছাত্রলীগ) মনে করেছে, বিএনপির মিছিল। এ কারণে হামলা চালাতে পারে। আমরা বিষয়টা দেখছি।’ তবে এ বিষয় নিয়ে কোনো মামলা হয়নি বলে তিনি জানান।এদিকে মিছিলে হামলার প্রতিবাদে আজ শুক্রবার মুক্তাঙ্গনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে কমিটি। এ হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।গতকাল তেল-গ্যাস রক্ষা কমিটির একযোগে ঢাকার বিভিন্ন জায়গায় কর্মসূচি ছিল। হামলার ঘটনার পর এক বিবৃতিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তাঁরা হামলাকারীদের বিচার দাবি করেছেন। বিবৃতিতে তাঁরা বলেন, হামলা চালিয়ে জনগণের সম্পদ লুটপাটবিরোধী আন্দোলন থেকে জনগণকে পিছু হটানো যাবে না।এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। গতকাল সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এভাবে হামলা করে গ্যাস-বিদ্যুৎ-পানি নিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না। অবিলম্বে এ সংকট নিরসন করা না হলে দেশে কানসাট ও শনির আখড়ার মতো পরিস্থিতির উদ্ভব হবে।