তেল চুক্তির জন্য মেগরাহির মুক্তি!
স্কটল্যান্ডের লকারবি বিমান হামলার দণ্ডপ্রাপ্ত আসামি লিবীয় নাগরিক আবদেলবাসেত আলী আল মেগরাহিকে মুক্তি দেওয়ার পেছনের কারণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গাদ্দাফি সরকারের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি আল ওবায়েদি বলেছেন, মেগরাহির মুক্তির বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করেছিল গাদ্দাফি সরকার। আর মেগরাহির মুক্তির পেছনে তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) সঙ্গে লিবীয় সরকারের বৃহত্ চুক্তির বিষয়টি জড়িত বলে তিনি মনে করেন। বিবিসি টেলিভিশনের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবিতে একটি বোয়িং ৭৪৭-১২১ বিমানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে বিমানটির ২৫৯ জন আরোহীসহ মোট ২৭০ জন নিহত হয়। এ ঘটনায় লিবিয়ার গোয়েন্দা কর্মকর্তা আবদেলবাসেত আলী আল মেগরাহি দোষী সাব্যস্ত হলে স্কটিশ আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে গুরুতর অসুস্থ থাকায় দুই বছর আগে তাঁকে মুক্তি দেওয়া হয়। লিবিয়ার বিমানবন্দরে তাঁকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়।স্কটিশ সরকার সব সময় দাবি করে আসছে, মেগরাহির মুক্তির সিদ্ধান্তটি তাঁদের একার। তিনি গুরুতর অসুস্থ ছিলেন বলেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তবে গাদ্দাফির সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি আল ওবায়েদি দাবি করেছেন, ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) সঙ্গে লিবীয় সরকারের বৃহত্ তেল চুক্তির কারণে মেগরাহিকে মুক্তি দেওয়া হয়েছে বলে তাঁর কাছে ইঙ্গিত আছে। তবে তিনি উল্লেখ করেন, তাঁর ধারণা ভুলও হতে পারে।লিবিয়ার বিদ্রোহীরা গত ৩১ আগস্ট আবদেলাতি আল ওবায়েদিকে গ্রেপ্তার করে।