তেল নিতে নয়, দিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত-সকালে শহরের পেট্রলপাম্পগুলোয় গাড়ির লাইন পড়ে যায় তেল নিতে, অথচ খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালের পেছনের গলিতে প্রতিদিন সকালে গাড়ির লাইন পড়ে যায় তেল দেওয়ার জন্য। প্রতিদিন সকালে এখানকার স্থানীয় একটি দোকানে এসে গাড়ির তেল বিক্রি করে যান কিছু চালক। দোকানি এই তেল কিনে নেন কম দামে। তাই অগ্নিমূল্যের এই বাজারে পেট্রলপাম্পের দরের চেয়ে সাত টাকা কমে ৭০ টাকায় দোকানটিতে অকটেন মেলে। সে কথা উঠতেই দোকানদার অবশ্য সাফ সাফ বলে দিলেন, ‘চোরাই তেল না হইলে এত কমে দেই ক্যামনে?’সেই চোরাই তেলের দোকানের সামনে র‌্যাবের একটি টহল গাড়ির দেখা মিলল। তেল চুরির এই পুরো প্রক্রিয়াটাকে র‌্যাবের এক সদস্য ঘুরেফিরে দেখেও নিলেন, কিন্তু কিছুই বললেন না। আবার দেখা গেল, এলাকার লোকজনও বিষয়টা জানে। অর্থাৎ পুরো ঘটনাটা ঘটছে একেবারে র‌্যাব ও জনতার নাকের ডগায়। অথচ না র‌্যাব, না সাধারণ মানুষ—কারও ভেতরেই তেমন কোনো বিকার নেই।শুধু খিলগাঁওয়ে নয়, কারওয়ান বাজারে এফডিসির আশপাশের গাড়ি সারাইয়ের দোকানে, মোহাম্মদপুরে, নীলক্ষেতে কাঁটাবনের গাড়ি সারাইয়ের কিছু দোকানসহ রাজধানীর বিভিন্ন জায়গায় চোরাই তেল কেনাবেচা হয়। মালিকের অগোচরে, তাঁরই নগদ পয়সায় কেনা গাড়ির তেল এসব স্থানে বিক্রি হচ্ছে।যেসব চালক গাড়ির তেল চুরি করে বিক্রি করেন, তাঁরা একজন আরেকজনের কাছ থেকে ঠিকই জেনে যান যে কোন এলাকার তেল বিক্রির জায়গাটা ঠিক কোথায়। আর একবার হদিস পেয়ে গেলেই হলো, গাড়ি চলুক আর না চলুক, ট্যাংকের তেল কিন্তু দ্রুত ফুরিয়ে যাবে।