তেল বিক্রিতে ডলারের বদলে সোনা নেবে ইরান
তেল বিক্রি করতে নতুন পথ বেছে নিয়েছে ইরান। তারা এখন ডলারের পরিবর্তে সোনার বিনিময়ে তেল রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। তা ছাড়া শুধু ডলার নয়, অন্য যেকোনো মুদ্রার বিনিময়েও তেল রপ্তানি করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের ওপর তেলসহ অর্থনৈতিক অবরোধ আরোপ করলে তারা ওই সিদ্ধান্ত নেয় বলে আজ বুধবার দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে জানানো হয়।বিবিসির খবরে বলা হয়, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাহমুদ বাহমানি বলেন, ইরান কোনো রকম আপত্তি ছাড়াই সোনার বিনিময়ে তেল রপ্তানি করতে সম্মত হয়েছে।যুক্তরাষ্ট্র ইরানের তেল আমদানির ওপর অবরোধ আরোপ করেছে। ইইউর সদস্য রাষ্ট্রগুলোর যেকোনো কোম্পানিকে ইরান থেকে আমদানি করতে নিষেধাজ্ঞা প্রদান করেছে। তবে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। ইইউর সদস্য দেশগুলো ইরানের রপ্তানি তেলের ২০ শতাংশ আমদানি করে থাকে।ইরানের তেলের সর্ববৃহত্ ক্রেতা চীন বলেছে, ভারতের মতো তারাও ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখবে।ইরান বিশ্বের তৃতীয় বৃহত্ তেল মজুদকারী দেশ। আগে ইরান ডলারের বিনিময়ে অশোধিত তেল রপ্তানি করত। তবে এখন তারা যেকোনো মুদ্রার বিনিময়ে তেল রপ্তানি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।