তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না ইইউ: ইরান
ইরানের তেল রপ্তানির ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির তেলমন্ত্রী রুস্তম কাশেমি। এ ধরনের পদক্ষেপে তেলের বিশ্ববাজারে ক্ষতিকর প্রভাব পড়বে বলেও মনে করেন তিনি। আজ রোববার এক সংবাদ সম্মেলনে রুস্তম কাশেমি এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। সংবাদ সম্মেলনে কাশেমি বলেন, ‘আমরা ইউরোপে তেল সরবরাহ অব্যাহত রেখেছি। ইরান বিশ্বের অন্যতম বৃহত্ তেল উত্পাদনকারী দেশ। আমাদের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা নিশ্চিতভাবে বিশ্ববাজারে ক্ষতিকর প্রভাব ফেলবে।’গত শুক্রবার ইরানের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় ইইউ। আগামী জানুয়ারির মধ্যে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে চাপ প্রয়োগ করতে ইইউ এ আহ্বান জানায়। গত সপ্তাহে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের জ্বালানি, পরিবহন ও ব্যাংকিং খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হন। তবে কূটনীতিকরা জানান, ইরান থেকে ইউরোপে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা করা হচ্ছে। তেল উত্পাদনকারী দেশ হিসেবে ওপেকের তালিকায় ইরানের অবস্থান দ্বিতীয়। দেশটি প্রতিদিন ২৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করে। কাশেমি বলেন, ‘ইউরোপীয় বাজারের পরিবর্তে অন্য একটি বাজার খুঁজে পেতে আমাদের কোনো সমস্যা হবে না এবং আমরা খুব সহজেই তা পারব।’ গত ৮ নভেম্বর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, পরমাণবিক অস্ত্র তৈরির জন্য তেহরান কয়েকটি পরীক্ষা চালিয়েছে। এ ব্যাপারে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। পারমাণবিক বোমার নকশা তৈরির জন্যও ইরান কাজ করছে।ইরান প্রথম থেকেই দাবি করছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ।