তেলের জাহাজডুবির ঘটনায় তিন সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায় যমুনা অয়েল কোম্পানির তেলভর্তি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে নৌবাণিজ্য অধিদপ্তর। দুর্ঘটনার কারণ ও দায়দায়িত্ব নিরূপণ করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটির সদস্যদের বলা হয়েছে। নৌবাণিজ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের প্রকৌশলী ও জরিপকারক শফিকুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অন্য দুই সদস্য হলেন: বরিশালের অভ্যন্তরীন নৌযান জরিপকারক মাইনুদ্দিন জুলফিকার ও বরিশাল অঞ্চলের নৌযান পরিদর্শক মারুফ হোসেন। গতকাল শুক্রবার বিকেলে এ কমিটি গঠন করা হয় বলে নৌবাণিজ্য অধিদপ্তর ও যমুনা অয়েল কোম্পানি সূত্রে জানা গেছে। গত বুধবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে ৬১৩ টন ডিজেল ও পেট্রল নিয়ে বরিশাল ডিপোতে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে যায় ‘এমটি মেহের’ নামের তেলবাহী জাহাজ। ঘটনাস্থল পরিদর্শন করতে আজ শনিবার চট্টগ্রাম ও ঢাকা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও যমুনা অয়েল কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তারা বরিশাল গেছেন বলে জানান যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন) মঞ্জুরুর রহমান।