তেলের দাম আবার কমল ভারতে
ভারতের তিনটি বৃহত্তম তেল কোম্পানি আজ বৃহস্পতিবার পেট্রলের দাম লিটারে ২.৪৬ রুপি কমিয়েছে। গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তেলের দাম কমানো হলো। আজ মধ্যরাত থেকে এই নতুন মূল্য কার্যকর হবে। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক খবরে আজ এ কথা জানানো হয়।দিল্লিতে পেট্রলের দাম ৭০.২৪ রুপি থেকে কমে হয়েছে ৬৭.৭৮ রুপি। মুম্বাইয়ে নতুন মূল্য ৭৩.৩৫ রুপি, কলকাতায় ৭২.২৪ রুপি এবং চেন্নাইয়ে ৭২.২৭ রুপি। হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে দাম কমেছে সবচেয়ে বেশি ৩.২২ রুপি।ইন্ডিয়ান ওয়েল করপোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) সম্মিলিতভাবে এই মূল্যহ্রাস করল। গত ২৩ মে কোম্পানিগুলো ৭.৫৪ রুপি মূল্য বৃদ্ধি করে। তবে ৩ জুনে দাম ২.০২ রুপি কমানো হয়। আইওসির একটি বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যে জ্বালানি করের তারতম্যের ওপর ভিত্তি করে মূল্য ২.৪৬ রুপি থেকে ৩.২২ রুপি কমানো হয়েছে।এই কোম্পানিগুলো প্রতি মাসের ১ ও ১৬ তারিখে আমদানি ব্যয় ও বৈদেশিক মুদ্রার সাথে দেশি মুদ্রার তারতম্যে হিসাব করে জ্বালানির মূল্য পুনর্নির্ধারণ করে থাকে। বিশ্বজুড়ে গত মাসে তেলের দাম প্রতি ব্যারেলে ৯৭ ডলার কমেছে। কিন্তু এই সময়ে ডলারের বিপরীতে রুপির মূল্য আরও কমে যাওয়ায় মূল্য কামানো নিয়ে জটিলতা চলছে দেশটিতে।