তেলের দাম না কমালে বৃহত্তর আন্দোলন: বিএনপি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে দলটি।আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একই সঙ্গে সিএনজি, বিদ্যুত্ ও গ্যাসের দাম আর না বাড়ানোর দাবি জানিয়েছে দলটি।সংবাদ সম্মেলনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পরও ছয় মাসে দেশে তিনবার মূল্য বৃদ্ধি করায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সর্বশেষ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা করে বাড়িয়েছে সরকার। এতে পরিবহন-ব্যয়সহ সব পণ্যের দাম বেড়ে যাবে।বিএনপি সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে কাল মঙ্গলবার সব জেলা শহরে ও আগামী বুধবার ঢাকাসহ সব বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।গতকাল রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় নেওয়া এ সিদ্ধান্ত আজ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ ছাড়া রোববার রাতে স্থায়ী কমিটির বৈঠকে মওলানা ভাসানীর মৃত্যুদিবস, তারেক রহমানের জন্মদিন, ডা. মিলনের মৃত্যুদিবস, স্বৈরাচার পতন দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।ওবায়দুল কাদের ভাবজগতের লোক: আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জবাবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদেরের কাব্যচর্চার অভ্যাস আছে। তিনি কবিতা লেখেন, ভাবজগতে বাস করেন। আমি মনে করি, তিনি ওই ভাবজগতের মতোই চিন্তা করেন। তিনি যে মন্তব্য করেছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের পারফরম্যান্স দেখে মনে হয়, আওয়ামী লীগ এক ব্যক্তির দল এবং সরকার এক ব্যক্তির সরকারে পরিণত হয়েছে।’বিচারের নামে ফায়দা হাসিলের চেষ্টা: বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বিচার করতে হলে প্রকৃত যুদ্ধাপরাধীদেরই বিচার করতে হবে। ওই বিচার আন্তর্জাতিক মানের কি না, তা-ও প্রমাণ করতে হবে।বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহরাব উদ্দিন।