তেহরান থেকে যুক্তরাজ্যের দূতাবাসকর্মী প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেহরানে আজ বুধবার যুক্তরাজ্য দূতাবাসের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এদিকে যুক্তরাজ্য তাদের সব কূটনৈতিক কর্মকর্তাকে ইরান থেকে প্রত্যাহার করে নিয়েছে বলেও রয়টার্স জানিয়েছে। তবে যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে এ ব্যাপারে প্রাথমিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার ইরানের বিক্ষোভকারীরা তেহরানে যুক্তরাজ্য দূতাবাসের ভেতরে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা এ সময় দূতাবাসে থাকা যুক্তরাজ্যের পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে ইরানের পতাকা ওঠায়। এ ছাড়া তারা দূতাবাসের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলায় ২০ জনের মতো বিক্ষোভকারী অংশ নেয়। তারা দূতাবাসের জানালা লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় দূতাবাসের সীমানাপ্রাচীরের বাইরে কয়েক শত বিক্ষোভকারী অবস্থান করছিল। তারা ‘যুক্তরাজ্যের মৃত্যু হোক’ স্লোগান দেয় এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশ ছাড়ার দাবি জানায়। হামলার সময় বিক্ষোভকারীরা দূতাবাসের ছয়জন কর্মকর্তাকে কিছু সময়ের জন্য আটকে রেখেছিল বলে অসমর্থিত সূত্রের এক খবরে জানা গেছে। দূতাবাসে এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানকে সতর্ক করে বলেছেন, এ ঘটনার প্রভাব হবে গুরুতর। তিনি এ হামলাকে জঘন্য ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। ব্রিটিশ কর্মকর্তা ও সম্পদের নিরাপত্তা দিতে তেহরানের ব্যর্থতাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন ক্যামেরন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কড়া ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে এ হামলার দায় গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও হামলার নিন্দা জানিয়েছে।এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। উল্লেখ্য, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বহিষ্কার-সংক্রান্ত একটি আইন ইরানের পার্লামেন্টে পাস হওয়ার এক দিনের মাথায় দূতাবাসে ওই হামলার ঘটনা ঘটল। ইরানের ওপর যুক্তরাজ্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পাল্টা ব্যবস্থা হিসেবে দেশটির পার্লামেন্টে ওই আইন পাসের উদ্যোগ নেওয়া হয়।