তেহরান পরমাণু অস্ত্রের নকশা করেছে: আইএইএ (ভিডিওসহ )
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার আইএইএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে তেহরান কাজ করেছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কার্যক্রমের সম্ভাব্য সামরিক তত্পরতা নিয়ে সংস্থাটি গভীরভাবে উদ্বিগ্ন। সাবধানতার সঙ্গে যাচাইকৃত ও বিশ্বস্ত তথ্যে দেখা গেছে, পরমাণু বোমার নকশা তৈরির ক্ষেত্রে ইরান কাজ করেছে।
সংস্থাটি আরও জানায়, ২০০৩ সালের শেষ দিকে ইরান এ কাজ করেছে এবং এখনো কিছু কাজ চলছে। সংস্থাটি বলছে, ইরান পরমাণু অস্ত্রের প্রাথমিক নকশাসহ সংশ্লিষ্ট উপকরণের পরীক্ষাও চালিয়েছে। এ বিষয়ে পরমাণু পর্যবেক্ষক সংস্থা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে প্রতিবেদন দিতে পারে। একই সঙ্গে সংস্থাটি ইরানকে কোনো ধরনের বিলম্ব ছাড়াই সত্যিকার অর্থে আইএইএকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে।ইরান প্রথম থেকে বলছে, তাদের পরমাণু কার্যক্রমের উদ্দেশ্য শান্তিপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান অবজ্ঞা করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তেহরানের ওপর এ পর্যন্ত চার দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আইএইএর এই প্রতিবেদন তেহরান নাকচ করে দিয়েছে। তেহরান বলছে, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ইরানের পরমাণু স্থাপনা গুটিয়ে দিতে ইসরায়েল সে দেশে হামলা চালাতে পারে এমন গুজবের প্রেক্ষাপটে আইএইএ এই প্রতিবেদন প্রকাশ করল। বিশ্লেষকদের মতে, প্রতিবেদনটি তেহরানকে আরও চাপের মুখে ফেলবে।