তেহরানে বোমা বিস্ফোরণে পরমাণু বিজ্ঞানী নিহত (ভিডিও)
ইরানের রাজধানী তেহরানে গাড়িবোমা বিস্ফোরণে একজন পরমাণু বিজ্ঞানী নিহত ও দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে আলামেহ তাবাতাই বিশ্ববিদ্যালয়ের পূর্ব তেহরানের ক্যাম্পাসের বাইরে এ বিস্ফোরণ ঘটে।মোটরসাইকেলে করে আসা দুই আরোহী ওই গাড়িতে বোমাটি লাগিয়ে চলে যাওয়ার পরপরই এ বিস্ফোরণ ঘটে। তবে ইরানের বার্তা সংস্থাগুলো জানায়, এটি ছিল ম্যাগনেটিক বোমা।অনেক গণমাধ্যম নিহতের নাম মোস্তাফা আহমাদি রোসান বলে জানিয়েছেন। মোস্তফা প্রায় এক দশক আগে যেসব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, সেসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাগুলো জানায়, মোস্তফা নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় কর্মরত ছিলেন।তেহরানের ডেপুটি গভর্নর সাফার আলী ব্রাতলো ইরানিয়ান লেবার নিউজ এজেন্সিকে বলেন, আজ সকালে এক মোটরসাইকেল আরোহী বোমাটি গাড়িতে লাগিয়ে পালিয়ে যায়। এরপর বোমাটি বিস্ফোরিত হলে মোস্তফা নিহত হন। এ ছাড়া আরও দুজন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।২০১০ থেকে ২০১১ সালের মধ্যে ইরানের তিনজন বিজ্ঞানী গাড়িতে চড়ে যাওয়ার সময় একইভাবে মারা যান। তাঁদের মধ্যে দুজন পরমাণু নিয়ে কাজ করতেন। এর মধ্যে ২০১০ সালের আজকের এই দিনে একইভাবে হত্যা করা হয়েছিল বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদকে।
ইরানের ধারণা, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ বিস্ফোরণ ঘটিয়েছে। ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে যখন পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এ বিস্ফোরণ ঘটল।ইসরায়েল ইরানের পরমাণু সুযোগসুবিধার ওপর বিমান হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। পশ্চিমা দেশগুলোর দাবি, ইরান পরমাণু কর্মসূচির মাধ্যমে পরমাণু বোমা তৈরি করছে। তবে তেহরান বরাবরই বলে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।