তেহরানে যুক্তরাজ্য দূতাবাসে হামলা, ভাঙচুর
ইরানের বিক্ষোভকারীরা গতকাল মঙ্গলবার তেহরানে যুক্তরাজ্য দূতাবাসের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে। ইরানের ওপর যুক্তরাজ্যের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ চলার সময় এ ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় দূতাবাসে থাকা ব্রিটিশ পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে ইরানের পতাকা লাগায়। এ ছাড়া তারা কয়েকটি কক্ষে ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলায় ২০ জনের মতো বিক্ষোভকারী অংশ নেয়। তারা দূতাবাসের জানালা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় দূতাবাসের সীমানাপ্রাচীরের বাইরে কয়েক শ বিক্ষোভকারী অবস্থান করছিল। তারা ‘যুক্তরাজ্যের মৃত্যু হোক’ স্লোগান দেয় এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশ ছাড়ার দাবি জানায়।হামলার সময় বিক্ষোভকারীরা দূতাবাসের ছয়জন কর্মকর্তাকে কিছু সময়ের জন্য আটকে রেখেছিল বলে অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গেছে। হামলার সময় ইরানের দাঙ্গা পুলিশ দূতাবাসের সামনে থাকা বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কিছু বিক্ষোভকারী ও পুলিশ আহত হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বহিষ্কারসংক্রান্ত একটি আইন ইরানের পার্লামেন্টে পাস হওয়ার এক দিনের মাথায় দূতাবাসে ওই হামলার ঘটনা ঘটল। ইরানের ওপর যুক্তরাজ্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পাল্টা ব্যবস্থাস্বরূপ দেশটির পার্লামেন্টে ওই আইন পাসের উদ্যোগ নেওয়া হয়।এদিকে দূতাবাসে এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, এ ধরনের ঘটনা একেবারে অগ্রহণযোগ্য। পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়। এএফপি ও বিবিসি অনলাইন।