তেহরানের কাছ থেকে কাবুলের অর্থ নেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের কাছ থেকে আফগান সরকারের বিপুল পরিমাণ নগদ অর্থ নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার কথা স্বীকার করার পরই যুক্তরাষ্ট্র তাদের এই উদ্বেগের কথা জানায়। খবর, বিবিসি অনলাইনের।সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে ইরান সফরের সময় হামিদ কারজাই ইরান সরকারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন। আফগানিস্তানে ইরানের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতিতেই টাকার লেনদেন হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হোয়াইট হাউসের মুখপাত্র বিল বুর্টন ওয়াশিংটনে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানে নেতিবাচক প্রভাব সৃষ্টির জন্য ইরান যে চেষ্টা করছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের জনগণ এবং বিশ্ববাসীর চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ইরানকে উদ্দেশ করে তিনি বলেছেন, আফগানিস্তানে একটি স্থিতিশীল সরকার গঠনে অন্যান্য প্রতিবেশীর মতো ইরানেরও কিছু দায়িত্ব রয়েছে। আফগানিস্তান যাতে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ও হামলা পরিকল্পনার নিরাপদ ভূূমি না হয়ে উঠতে পারে, সে ব্যাপারে ইরানের সহযোগিতা করা উচিত। বিল বুর্টন ইরানের প্রতি আফগানিস্তানের ব্যাপারে আরও ইতিবাচক ভূমিকা পালন করারও আহ্বান জানিয়েছেন। তবে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টিকে বৈধ প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ওই অর্থ প্রেসিডেন্ট কার্যালয় পরিচালনার জন্য স্বচ্ছ উপায়েই নেওয়া হয়েছে।কারজাই নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের সত্যতা সমর্থন করে বলেন, ‘ইরান সরকার আফগানিস্তানকে বছরে দু-একবার পাঁচ থেকে সাত লাখ ইউরোর সরকারি অনুদান দেয়। এভাবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশ আমাদের সাহায্য করে।’ অনুদানের অর্থ ব্যক্তিগত কাজে নয়, বরং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করা হয় বলে তিনি জানান। অপরদিকে আফগানিস্তানের ইরান দূতাবাস গতকাল সোমবার প্রতিবেদনটি সম্পূর্ণ নাকচ করে দিয়ে একে ‘হাস্যকর ও অবমাননাকর’ হিসেবে আখ্যায়িত করেছে।—বিবিসি।