তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ হাস্যকর: আহমাদিনেজাদ
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে এবং রিয়াদের সঙ্গে বৈরিতা সৃষ্টির লক্ষ্যেই তেহরানের বিরুদ্ধে সৌদির রাষ্ট্রদূত হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে ওয়াশিংটন। গতকাল সোমবার আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া বিশেষ এক সাক্ষাত্কারে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এ কথা বলেছেন।আহমাদিনেজাদ বলেন, ‘এ অভিযোগের কথা যিনি শুনবেন, তিনিই হাসবেন।’ তবে তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যে অভিযোগই করুক না কেন, সে ব্যাপারে সচেতন হতে হবে। ওয়াশিংটনের উদ্দেশে আহমাদিনেজাদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যা খুবই প্রকট। তাদের দেশের ভেতরে যা হচ্ছে, মার্কিন প্রশাসন তা থেকে সম্ভবত জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। তবে ইরানকে অভিযুক্ত করে তারা কোনো সমস্যারই সমাধান করতে পারবে না।’আহমাদিনেজাদ অভিযোগ করেন, মার্কিন প্রশাসন রিয়াদের সঙ্গে তেহরানের সম্পর্কে ফাটল ধরাতে এ ধরনের হত্যা ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।আহমাদিনেজাদ বলেন, ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের বিষয়টি যেমন মিথ্যা, তেমনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা সৌদি রাষ্ট্রদূত হত্যার ষড়যন্ত্রের অভিযোগও মিথ্যা। এদিকে সৌদি আরব ‘কথিত’ এই ষড়যন্ত্রের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলেছে।