তৈমুর এখনো বৈধ প্রার্থী: নির্বাচন কমিশন
‘নির্বাচন কমিশনের কাছে তৈমুর আলম খন্দকার এখনো বৈধ প্রার্থী। কারণ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১২ অক্টোবর। এরপর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। তবে এ নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই।’আজ রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন এসব কথা বলেন।দুই কমিশনার পৃথকভাবে জানান, কমিশন অন্যান্য প্রার্থীর মতো তাঁর ভোটের হিসাবও ফলাফল ঘোষণার সময় প্রকাশ করবে। নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ বা দাবি করে না পাওয়ায় তিনি নির্বাচন বর্জন করেছেন, এমন কোনো তথ্য কমিশনারদের জানা নেই।কমিশন আশা করে নারায়ণগঞ্জবাসী স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। বেলা একটা পর্যন্ত ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানতে পেরেছে নির্বাচন কমিশন।ভোট গ্রহণ শুরুর সাত ঘণ্টা আগে গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। রাত পৌনে একটায় প্রথমে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আকস্মিক প্রেস ব্রিফিং করে দলটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এ ঘোষণা দেন। এরপর রাত দেড়টার পর নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচন বর্জনের ঘোষণা দেন।নির্বাচন বর্জনের কারণ হিসেবে তৈমুর আলম বলেন, ‘আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চেয়েছিলাম। শনিবার দুপুরের পর পরিস্থিতি বদলে যায়। নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীরা শহরে ঘুরতে থাকে। তারা বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে থাকে। তারা বলে, নির্বাচনে যাকেই ভোট দিস না কেন, শামীম ওসমান জয়ী হবে। এমন পরিস্থিতিতে আমরা মনে করছি, একটি প্রহসনের নির্বাচন হবে। নির্দলীয় নির্বাচন হলেও বিএনপি আমাকে সমর্থন দিয়েছিল। আমার পক্ষে নেতা-কর্মীরা প্রচার চালিয়েছিলেন। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে আমার দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচন করার মতো কোনো পরিবেশ দেখছেন না। তাই দলীয় নেত্রীর সিদ্ধান্তে আমি নির্বাচন প্রত্যাখ্যান করলাম।’