তৈমুর গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ
ধানমন্ডি, সোবহানবাগ, শুক্রাবাদ ও তল্লাবাগ এলাকার চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত হারুনুর রশিদ তৈমুর এখনো গ্রেপ্তার না হওয়ায় এলাকার মানুষ ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পুলিশ দাবি করেছে, তৈমুরকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে। অচিরেই তিনি গ্রেপ্তার হবেন।রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তৈমুরকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে। তৈমুরের এক সহযোগী আবুলের শ্বশুরবাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাঁকে এলাকায় পাওয়া যায়নি। শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা যাবে।ধানমন্ডি, শুক্রাবাদ ও সোবহানবাগ এলাকার ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পর তৈমুরকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নামায় তাঁরা খুব খুশি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এর আগে বারবার পুলিশের কাছে গেলেও তারা কোনো সহযোগিতা করেনি। উল্টো ব্যবসায়ীদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় এ নিয়ে ‘চলছে নীরব চাঁদাবাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সোবহানবাগ ব্যাবসায়ী সমিতির সভাপতি এবং প্রিন্স প্লাজা মার্কেটের পরিচালনা পর্ষদের সভাপতি শামীম আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ দেড় বছর ধরে আমরা ব্যবসায়ীরা তৈমুর ও তাঁর লোকজনের অত্যাচারে অতিষ্ঠ। থানা পুলিশের কাছে অনেকবার গেছি। কিন্তু তারা তৈমুরের বিরুদ্ধে কোনো মামলা না নিয়ে উল্টো ব্যাবসায়ীদের অপমান করেছে। অবশেষে ২৬ জুলাই আমরা এলাকার সাংসদ ফজলে নূর তাপসের কাছে যাই। সাংসদের নির্দেশের পর থানা পুলিশ মামলা নেয়। পুলিশ এখন তৎপর হয়েছে। পুলিশ এখন তৈমুরের বিরুদ্ধে মামলা নিয়েছে। আমরা আশা করি, পুলিশ দ্রুত তৈমুরকে গ্রেপ্তার করবে।’মোহম্মদিয়া মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামও একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘তৈমুরের যন্ত্রণায় এই এলাকার সবাই অতিষ্ঠ। কিন্তু পুলিশ কখনোই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আমরা সাংসদের কাছে যাই। আর পুলিশের ভূমিকা নিয়ে আমাদের ক্ষোভ আছে। এখন আমরা চাই, পুলিশ দ্রুত তৈমুর ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করুক।’রাজধানীর ধানমন্ডি, শুক্রাবাদ, সোবহানবাগ ও তল্লাবাগ এলাকার সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘ দেড় বছর ধরে তারা তৈমুর ও তাঁর সহযোগীদের চাঁদাবাজি ও অপরাধমূলক কার্যক্রমে অতিষ্ঠ। সর্বশেষ ২৫ জুলাই প্রিন্স প্লাজার সামনে আবুল কালাম আজাদ নামের এক ব্যবসায়ীকে তৈমুরের লোকজন মারধর করলে সেদিন দোকান বন্ধ রেখে এলাকায় প্রতিবাদ করেন ব্যবসায়ীরা। এরপর ২৭ ও ২৮ জুলাই শেরেবাংলা থানায় তৈমুর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়।তৈমুর ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক। আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, তৈমুরের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই এলাকার আওয়ামী লীগের নেতারাও তৈমুরের গ্রেপ্তার দাবি করেছেন।৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘তৈমুরের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের লোকের তো দলে দরকার নেই। একজন রাজনৈতিক নেতা তো কখনো চাঁদাবাজি করতে পারেন না। আমরা চাই, পুলিশ এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করুক।’ আপনারা কেন সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন না, জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘আমরা দ্রুত দলের বৈঠক ডাকব এবং তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা চাই না, রাজনীতির নামে কেউ এলাকায় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাক।’