রাত পৌনে একটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রেস ব্রিফিং। রাত দেড়টায় নারায়ণগঞ্জে নিজ বাড়িতে তৈমুরের সংবাদ সম্মেলন
তৈমুরের নির্বাচন বর্জন, মধ্যরাতে ঘোষণা
ভোট গ্রহণ শুরুর সাত ঘণ্টা আগে গত মধ্যরাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। রাত পৌনে একটায় প্রথমে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আকস্মিক প্রেস ব্রিফিং করে দলটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এ ঘোষণা দেন। এরপর রাত দেড়টার পর নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচন বর্জনের ঘোষণা দেন।আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আগেই তা পরিষ্কার হয়ে গেছে। আপত্তি সত্ত্বেও ইভিএম পদ্ধতিতে ভোটিং ব্যবস্থা চালু করে নির্বাচন কমিশন গর্হিত অপরাধ করেছে। আমরা এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি। বর্তমান সরকার ও ইসির পদত্যাগ দাবি করছি।’আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলাম। সরকার সেনাবাহিনী মোতায়েন না করে সংবিধান লঙ্ঘন করেছে। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনও সংবিধান লঙ্ঘনকারী সরকারকে সেনা মোতায়েনে বাধ্য করতে পারল না। পদত্যাগ করার মতো আত্মমর্যাদাবোধও নির্বাচন কমিশনের নেই। পদত্যাগ না করে তারা বরং ঘোষণা দিয়েছে, গোলযোগ হলে তারা দায় নেবে না।’ নোমান বলেন, নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমানকে আওয়ামী লীগ সমর্থন দেওয়াতে এটা স্পষ্ট হয়ে গেছে, তারা সন্ত্রাসের ওপর নির্ভর করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে কবজায় রাখতে চায়।বিএনপির এই কেন্দ্রীয় নেতা দাবি করেন, ভোটারদের বাসায় বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। কালোটাকা ছড়ানো হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই।তৈমুরের সংবাদ সম্মেলন: রাত দেড়টার দিকে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।তৈমুর বলেন, ‘আমি আমার দল বিএনপির প্রতি অনুগত। আমি কখনো আমার নেত্রী খালেদা জিয়ার অবাধ্য হইনি।’ এরপর তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, ‘আপনারা জানেন, এই নির্বাচনে আমি বিএনপির সমর্থিত প্রার্থী। আমার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছিল। সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় অবধারিত ছিল। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি করেছিলাম। নির্বাচন কমিশনও সেই মোতাবেক আশ্বাস দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সরকার সেনাবাহিনী না দিয়ে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। বর্তমান নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। সেনা মোতায়েন না করার পরও তারা পদত্যাগ করেনি। বরং তারা একটি প্রহসনের নির্বাচন করতে যাচ্ছিল। এ নির্বাচনে আওয়ামী লীগ এমন একজনকে সমর্থন দিয়েছে, যিনি নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সাত বছর বিদেশে পালিয়ে থেকে তিনি আবার দেশে ফিরেছেন। এখন সরকার তাঁকে জয়ী করতে মরিয়া হয়ে উঠছে।’নির্বাচন বর্জনের কারণ হিসেবে তৈমুর আলম বলেন, ‘আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চেয়েছিলাম। শনিবার দুপুরের পর পরিস্থিতি বদলে যায়। নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীরা শহরে ঘুরতে থাকে। তারা বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে থাকে। তারা বলে, নির্বাচনে যাকেই ভোট দিস না কেন, শামীম ওসমান জয়ী হবে। এমন পরিস্থিতিতে আমরা মনে করছি, একটি প্রহসনের নির্বাচন হবে। নির্দলীয় নির্বাচন হলেও বিএনপি আমাকে সমর্থন দিয়েছিল। আমার পক্ষে নেতা-কর্মীরা প্রচার চালিয়েছিলেন। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে আমার দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচন করার মতো কোনো পরিবেশ দেখছেন না। তাই দলীয় নেত্রীর সিদ্ধান্তে আমি নির্বাচন প্রত্যাখ্যান করলাম।’সংবাদ সম্মেলন শেষে প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান এবং সরকার ও নির্বাচন কমিশনকে ধিক্কার জানিয়ে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।তৈমুর আলম খন্দকারের নির্বাচন প্রত্যাখ্যান করার ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে মেয়র পদপ্রার্থী শামীম ওসমান বলেন, ‘আমি ব্যস্ত আছি। এ ব্যাপারে এখন কথা বলতে পারব না।’কারচুপি হলে সারা দেশে আন্দোলন: এর আগে গতকাল বিকেলে বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছিলেন, নারায়ণগঞ্জের নির্বাচন স্থানীয় নির্বাচন। কিন্তু কারচুপি হলে এটি আর স্থানীয় বিষয় থাকবে না। তখন এটি জাতীয় ইস্যু হয়ে যাবে। এ নিয়ে সারা দেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।তৈমুর আলম খন্দকার বলছেন, সেনা না আসায় পরিস্থিতির অবনতি হলে এর দায়িত্ব প্রশাসন ও নির্বাচন কমিশনকেই নিতে হবে। এ পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির নেতা তৈমুর বলেন, ‘প্রশ্নই আসে না। আমি নির্বাচন করব, জনগণ আমার সঙ্গে আছে।’এম সাখাওয়াতের বক্তব্য: বিএনপির এই ঘোষণার পর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এই নির্বাচন নির্দলীয়, ফলে দল থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, তিনি টেলিভিশনে বিএনপির এই সিদ্ধান্তের খবর জেনেছেন। তিনি মনে করেন, এতে নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না। কারণ, মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অধিকাংশই নির্বাচনে আছেন।সাখাওয়াত বলেন, বর্জনের ঘোষণা দেওয়া হলেও ব্যালট পেপারে ওই প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।গডফাদারকে রক্ষায় সেনা মোতায়েন করেনি সরকার: এর আগে গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল নোমান বলেছিলেন, দলীয় গডফাদার শামীম ওসমানকে রক্ষার জন্য সরকার নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েন করছে না। তিনি বলেন, ‘এই গডফাদাররা আন্দোলন বন্ধ করতে পারবে না। এখনো সময় আছে সেনাবাহিনী মোতায়েন করুন। এটা নারায়ণগঞ্জের জনগণের দাবি। মিডিয়া ক্যুর মাধ্যমে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে না।’সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি মনে করে, আজকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হবে না। তার পরও দলটির সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। কারণ, বিএনপি মনে করে, এই নির্বাচনের মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশনের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত হবে।সেনাবাহিনী মোতায়েন না করলেও বিএনপির প্রার্থীরা নির্বাচন করবেন কি না—এ প্রশ্নের জবাবে নোমান বলেছিলেন, ‘নির্বাচন থেকে বাইরে এসে প্রতিবাদ করব না। নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও নির্বাচন করে প্রমাণ করব, তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না।’