তৈরি আছেন ওয়াটসন
তুলির শেষ আঁচড় টানা—ক্যারিয়ারের শুরুর দিকে এই ছিল শেন ওয়াটসনের কাজ। ব্যাটিংয়ে শেষের দিকে নেমে চার-ছক্কা মেরে দ্রুত কিছু রান তুলে গিলক্রিস্ট-হেইডেন-পন্টিংদের গড়ে দেওয়া ইনিংসে রং চড়াতেন আর বোলিংয়ে ম্যাকগ্রা-লি-ওয়ার্নদের অসমাপ্ত কাজটুকু শেষ করতেন। অস্ট্রেলিয়া দলে ওয়াটসনের দায়িত্ব ছিল এটুকুই।সেই ওয়াটসনেরই অস্ট্রেলিয়া দলে এখন অন্য ভূমিকা। অলরাউন্ডার হিসেবে বিশাল দায়িত্ব পালন করতে হবে তাঁকে। একসময় গিলক্রিস্ট-হেইডেনরা যেটা করতেন, ইনিংস গড়ার সেই কাজটাই এসে বর্তেছে তাঁর কাঁধে। ইনিংস ওপেন করতে হবে তাঁকে। ১২৩ ম্যাচের ক্যারিয়ারে ৬৩ ম্যাচেই অস্ট্রেলিয়ার ইনিংসের গোড়াপত্তন করেছেন। ওয়াটসনের এই ভূমিকাটা পুরোনো। তবে বিশ্বকাপে ইনিংস শুরু করতে এই প্রথম।বিশ্বকাপে এই ভূমিকায় নতুন, তবে ওয়াটসনের মনে এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নতুন চ্যালেঞ্জটা বরং তাঁর কাছে রোমাঞ্চকরই লাগছে, ‘গত বিশ্বকাপে সাত নম্বরে ব্যাট করার চেয়ে এবার ইনিংস ওপেন করাটা ভিন্ন ব্যাপার এবং বড় দায়িত্ব। তবে চ্যালেঞ্জটা নিতে উন্মুখ হয়ে আছি।’ওয়াটসনের নতুন চ্যালেঞ্জ, নতুন রোমাঞ্চ শুরু হচ্ছে আজ থেকেই। আহমেদাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান। ওয়াটসন জানালেন, ‘আমি প্রস্তুত। ভালো একটা টুর্নামেন্ট কাটাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি, এই বিশ্বকাপটা ভালো কাটবে।’ ওয়াটসন এই আশা করতেই পারেন। পরিসংখ্যানে চোখ রাখলে মনে হয়, আগের সাত নম্বরে ব্যাটিং করার ভূমিকাটা নয়, ওয়াটসনের জন্য আসলে ওপেনিংই বেশি ভালো। ১২৩ ম্যাচে ৪০.৮৯ গড়ে ৩৩৫৩ রান করেছেন। আর ওপেনার হিসেবে খেলা ৬৩ ম্যাচে তাঁর রান ২৫৭৫, গড় ৪৫.১৭। বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে সাধারণ ক্রিকেট অনুসারীদের অনেকেই এবার ‘বাজি’ ধরছেন ওয়াটসনকে নিয়ে। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, রিকি পন্টিংদের মতো সব মহাতারকা থাকার পরও অনেকেরই ধারণা, এই বিশ্বকাপটা হতে পারে ওয়াটসনের।এমন ধারণা করার একটা কারণও আছে। উপমহাদেশে বিশেষ করে ভারতের কন্ডিশনের সঙ্গে ওয়াটসনের সখ্য হয়ে যাওয়াটাকেই গুরুত্বপূর্ণ ভাবছেন তাঁরা। ২০০৯ সালে খেলেননি, তবে ২০০৮ এবং গত বছরের আইপিএলে খেলেছেন ওয়াটসন। ক্রিকেটের সংক্ষিপ্ততর সংস্করণে ভালো যেমন করেছেন, তেমনি ভারতে খেলে খেলে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়েও নিয়েছেন এত দিনে। ২০০৮ সালের আইপিএলে ১৫ ম্যাচ খেলে ৪৭.২০ গড়ে ৪৭২ রান করেছেন ওয়াটসন, পেয়েছেন ১৭ উইকেট। গত বছর খেলেছেন ৬ ম্যাচ। ৩৭ গড়ে ১৮৫ রান করার পাশাপাশি পেয়েছেন ৬ উইকেট।আইপিএলের এই পারফরম্যান্স এবং ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি ওয়াটসনকেও আশাবাদী করছে, ‘গত কয়েক বছর ভারতে কাটাতে পেরে আমি ভাগ্যবান। বিশেষ করে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি।’ বলেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার। ওয়াটসনের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। তবে প্রশ্ন আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কী করতে পারবে, তা নিয়ে। বিশেষ করে প্রস্তুতি ম্যাচ দুটিতে ভারত আর দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ে আলোচনাটা ডালপালা মেলেছে আরও। কিন্তু ওয়াটসনের কথা অন্যরকম, ‘আমাদের মনোবলে এটা কোনো প্রভাব ফেলেনি। অস্ট্রেলিয়ায় পুরো গ্রীষ্মজুড়েই আমরা ভালো খেলে এসেছি।’ ওয়েবসাইট।