তৈরি হচ্ছে না নিবিড় বনাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে মোট বনাঞ্চল ৩১ হাজার ৬৫৭ হেক্টর। এর মধ্যে সংরক্ষিত ২৪ হাজার হেক্টর ও অধিগ্রহণকৃত চার হাজার ৪২৬ হেক্টর। আর অশ্রেণীভুক্ত বনাঞ্চল ৪৩৬ হেক্টর এবং প্রস্তাবিত বনাঞ্চল দুই হাজার ৭৯৪ হেক্টর।বন বিভাগ সূত্র জানিয়েছে, বনের গাছপালা কাটা হলেও বনের জায়গার পরিমাণ কমেনি। ২০০৫ সাল পর্যন্ত বন বিভাগ বিভিন্ন সময়ে পরিণত গাছ নিলামের মাধ্যমে বিক্রি করেছে। তবে সেসব জায়গায় নতুন করে আবার বনায়ন করা হয়েছে। তবে এ ক্ষেত্রে মৌলভীবাজারের আদমপুর ও কুরমা বিট ছাড়া অন্যান্য বন বিটের আয়তন ছোট, যে কারণে গভীর বা নিবিড় বনাঞ্চল তৈরি হচ্ছে না। অন্যদিকে পরিণত গাছ কেটে নতুন বনায়ন করা বনভূমি এখনো নিবিড় বনাঞ্চলে পরিণত হয়নি।অপরদিকে নতুন বনায়নের সময় বেশির ভাগ কাঠজাতীয় ও বিদেশি প্রজাতির গাছ লাগানো হয়েছে। এতে একদিকে নিবিড় বনাঞ্চল না থাকায় নিরাপদ আবাসস্থলের সংকট এবং অন্যদিকে ফলদ গাছ কম থাকায় বনের মধ্যে বন্য প্রাণীর খাদ্যের অভাব সৃষ্টি হয়েছে। বন বিভাগের মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক মিজানুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বনের জায়গা কমেনি। তবে বনের নিবিড়তা হয়তো আগের মতো নেই। মৌলভীবাজারের বেশির ভাগ বনই ছোট ছোট আয়তনের। আদমপুর বা কুরমা বিট বড় আয়তনের। সেখান থেকে বন্য প্রাণী বেরিয়ে আসার ঘটনা কম।’