তোতার শোকে হূদয়ে আঘাত
তুমি কি কিছু খাবার চাও? এক কাপ চা, শুভ বড়দিন, দুষ্টু ছেলে অস্কার—এমন ছোট ছোট মিষ্টি বুলি সেই তোতার মুখে। এটি জেসপার নামের আফ্রিকার এক বিরল ধূসর তোতা। এই পোষা তোতাকে পরিবারের একজন সদস্য ছাড়া আর কিছু ভাবতে পারেননি লুই হোয়াইট (৬১)। এ কারণে তোতাটি চুরি হওয়ার ঘটনায় মানসিকভাবে তিনি এমন আঘাত পান, হূদরোগে আক্রান্ত হন। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের ট্রেডওয়ার্থে।ডেইলি মেইলের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, জেসপার চুরি হওয়ার পর তার সন্ধানে পুলিশের কাছে ফোন করেন লুই হোয়াইট। পুলিশ আসার পর এ নিয়ে কথা বলার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডেকে পাঠানো হয়। এরপর ব্রিস্টল রয়্যাল ইনফারমারিতে তিনি ছয় দিন চিকিৎসাধীন ছিলেন।ছয় বছর আগে তোতাটির জন্ম। এর পর থেকে লুইয়ের কাছে ছিল সে। আবেগ জড়ানো কণ্ঠে লুই বলেন, ‘সে কখনো আমার কাছ থেকে দূরে থাকেনি। সে আমাদের পরিবারেরই এক সদস্য। তাকে হারিয়ে ফেলার অনুভূতিটা নিজের হাত কেটে যাওয়ার মতো। আমি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কারণ, সে খুবই ভীরু প্রকৃতির।’ তোতাটি দারুণ শিস দেয়। বুলিতেও খুব পাকা। এ জন্য ওই পরিবারের সবাই তাকে ফিরে পেতে ব্যাকুল। গ্লস্টারশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেন, পাখিটির মূল্য হাজার খানেক পাউন্ডের মতো হবে। তিনি বলেন, অপরিচিত মানুষ দেখে পাখিটির আক্রমণাত্মক হয়ে ওঠার কথা। কিন্তু মেঝেতে পাখিটির কোনো পালক ছিল না। চুরি করে নিয়ে যাওয়ার সময় কোনো বাধা দেয়নি পাখিটি। ওই বাড়ি থেকে একটি হলুদ কম্বলও খোয়া গেছে বলে তিনি জানান। পুলিশ জানায়, এ এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছে প্রতিবেশীরা। তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার নাগরিক হতে পারে।