বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করতে না চাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির তোপের মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই ঘটনা ঘটে। কমিটির মতে, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া এবং সাংবাদিক সাগর-রুনির হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ জানতে চায়। সুতরাং এসব বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে তা মানুষকে জানাতে হবে। বৈঠক শেষে কমিটির একাধিক সদস্য সাংবাদিকদের এ তথ্য জানান। বিষয়টি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চুপচাপ বসে ছিলেন বলে বৈঠক সূত্র জানায়।সূত্র জানায়, বৈঠকের শেষের দিকে কমিটির সভাপতিসহ অন্য সদস্যরা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়া এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অন্যান্য আলোচিত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় সংসদ সচিবালয় ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক ছেড়ে বাইরে চলে যেতে বলা হয়। প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বিষয়গুলো তদন্তাধীন আছে। এ অবস্থায় আলোচনা করা ঠিক হবে কি না। এতে কমিটিতে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে সব বিষয় নিয়ে কথা বলা যাবে। এখানে বিচারাধীন বা তদন্তাধীন বিষয় বলে কিছু নেই। সংসদে আলোচিত কোনো বিষয় নিয়ে কারও চ্যালেঞ্জ করারও সুযোগ নেই। মুজিবুল হকের এই বক্তব্যকে সমর্থন জানান কমিটির সভাপতি আবদুস সালাম।বৈঠক সূত্র জানায়, এতে আত্মপক্ষ নিয়ে আইজিপি বলেন, পুলিশ ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায়। সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।বৈঠক শেষে বিষয়ের সত্যতা নিশ্চিত করে মুজিবুল হক সাবদিকদের বলেন, ‘এমন কিছু বিষয় থাকে, যা নিয়ে কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনায় সমস্যা থাকে। তবে কমিটির সদস্যরা যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। কোন বিষয়টি নিয়ে সবার সামনে আলোচনা করা যাবে না, সেটা কমিটিই ভালো বোঝে। কমিটিতে আলোচনা করা যাবে কি না, এই বলে কেউ দায়িত্ব এড়াতে পারেন না।’মুজিবুল হক বলেন, ‘বৈঠকে আইজিপির কাছে জানতে চাওয়া হয়েছে, সাগর-রুনির লাশ এখন তুলে ময়নাতদন্ত করা হচ্ছে। এই তদন্তের কাজটি আগে করা হয়নি কেন?’কমিটির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুজিবুল হক, মির্জা আজম, সানজিদা খানম, আইজিপি হাসান মাহমুদ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।