তোপের মুখে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন প্রশ্নটা বেশি জরুরি: পাকিস্তান সরকারের অনুমতি ছাড়া অ্যাবোটাবাদে কীভাবে মার্কিনরা সামরিক হামলা চালাতে সক্ষম হলো, নাকি কীভাবে সেনাছাউনির এক মাইলের মধ্যে বিন লাদেন নির্বিঘ্নে প্রায় ছয় বছর কাটিয়ে দিলেন?আপনি যদি পাকিস্তানি হন, তাহলে নির্ঘাৎ প্রথম প্রশ্ন আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তান আণবিক অস্ত্রধারী দেশ, সে দেশের মানুষের চোখে তার সেনাবাহিনী অজেয়-অমর, যদিও নিজের দেশের মানুষের বিরুদ্ধে ছাড়া অন্য কোনো যুদ্ধে তারা এ পর্যন্ত জয়ী হয়নি। সেই বাহিনীর চোখ এড়িয়ে প্রায় পৌনে এক ঘণ্টা স্থায়ী কমান্ডো হামলায় মার্কিনরা বিন লাদেনকে হত্যা করে নির্বিঘ্নে তাঁর ঘরের তাবত দলিল-দস্তাবেজ নিয়ে সটকে পড়ল। অথচ অজেয় পাকিস্তানি বাহিনী তাঁর টিকিটিরও নাগাল পেল না! এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন—এই অভিযোগ তুলে পাকিস্তানের রাজনীতিবিদ থেকে টেলিভিশনের বাক্যবাগীশ অতিথিরা মুখে ফেনা তুলে ফেলেছেন। পাকিস্তানি সেনাবাহিনীর তরফ থেকেও বলা হয়েছে, এ রকম ঘটনা আরও ঘটলে তারা দেখে নেবে। বলা বাহুল্য, সেই হুঁশিয়ারি উচ্চারণের ৩৬ ঘণ্টার মধ্যে ওয়াজিরিস্তানে মার্কিনদের ড্রোন হামলায় ডজন খানেক মানুষ মারা গেছে। পাকিস্তান কী দেখে নেবে, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। আপনি যদি মার্কিন হন, তাহলে এ কথা ভেবে আপনি তাজ্জব বোধ করবেন যে পাকিস্তানিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই এড়িয়ে যাচ্ছে। বিন লাদেন কীভাবে হত হলেন সেটা বড় কথা নয়, পৃথিবীর ১ নম্বর সন্ত্রাসী তিনি। যুক্তরাষ্ট্রের জানি দুশমন। বছরে যে দেড় বিলিয়ন ডলার পাকিস্তানকে এই আক্রার বাজারে তুলে দেওয়া হচ্ছে, তা তো এই জন্যই যে তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে। অথচ তা সত্ত্বেও এই লোক বছরের পর বছর পাকিস্তানি সেনাছাউনির দেয়াল বরাবর এক ঘরে কাটিয়ে দিলেন! বিন লাদেনের ছোট বউ আমাল আহমেদ আবদুলফাত্তাহ রয়টার্সকে জানিয়েছেন, এই বাড়িতেই তাঁরা পাঁচ বছর ধরে ছিলেন। অথচ কেউ তাঁদের টিকিটিরও খোঁজ পায়নি। এ কী করে হয়? ঘরের মধ্যে কোনো বিভীষণ না থাকলে এ কাজ তো অসম্ভব! মার্কিনরা অভিযোগ করেছে, সে বিভীষণকে খোঁজার বদলে ‘মিত্ররাষ্ট্র’ পাকিস্তান যুক্তরাষ্ট্রের ছিদ্রান্বেষণে ব্যস্ত! প্রেসিডেন্ট জারদারি থেকে সেনাপ্রধান কায়ানি পর্যন্ত সবাই যত ‘না’ ‘না’ করুন না কেন, যুুক্তরাষ্ট্রে একজন মানুষও পাবেন না, যারা এ কথায় বিশ্বাস করে যে খোদ পাকিস্তান সরকারের বা সেনাবাহিনীর কর্তাব্যক্তিদের সাহায্য-সমর্থন ছাড়া এই লোক এত দিন অ্যাবোটাবাদে কাটাতে পারতেন। একা নয়, ছেলেমেয়ে, কয়েক বউ, এমনকি ছেলের বউ নিয়ে রীতিমতো জমজমাট সংসার। (এক কলামলেখক ঠাট্টা করে লিখেছেন, অর্ধশিক্ষিত ও নাবালক তালেবান ও আল-কায়েদার সদস্যদের বুকে বোমা বেঁধে সন্ত্রাসী অভিযানে পাঠাচ্ছেন লাদেন সাহেব। আর নিজে বউ-বাচ্চা, নাতি-পুতি নিয়ে রোহাবে দিন কাটাচ্ছেন। বিপ্লবের মহান সেনাপতিই বটে!) প্রশ্ন করা যেতে পারে, এরা কি সবাই যার যার পাসপোর্ট নিয়ে আইনসম্মতভাবে এসেছিল? তা যদি না হয়, এমন ঘোর অনিয়ম কী করে হলো? পাকিস্তানিদের কি তা নিয়ে অধিক মাথা ঘামানো উচিত নয়? আজকে বিন লাদেন ঢুকেছেন, কালকে হয়তো ভয়ানক কোনো ভারতীয় চর ঢুকে পড়বে। দুই দিন পর কাউকে জানান না দিয়ে তারা অথবা মার্কিনরা হয়তো পাকিস্তানের মহা মূল্যবান অ্যাটম বোমা নিয়ে সটকে পড়বে, তখন? পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের পাবলিক রেডিও স্টেশনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, এমন একটা ঘটনা সম্ভব হয়েছে দুই কারণের একটির জন্য—হয় সেনাবাহিনীর ভেতরে কেউ বিন লাদেনকে সাহায্য করেছেন, নয়তো পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর চরম অদক্ষতা। তাঁর বিশ্বাস, সম্ভবত অদক্ষতাই দায়ী। সেনাবাহিনীর লোক জেনেশুনে এ কাজ করবেন, তা অসম্ভব বলে তিনি মনে করেন। স্মরণ করা যেতে পারে, কয়েক বছর আগে এই জেনারেল মোশাররফই খুব জোরের সঙ্গে বলেছিলেন, বিন লাদেন কিডনির অসুখে মারা গেছেন। সে কথা যে সত্য নয়, পৃথিবীর চোখে ধুলো দেওয়ার চেষ্টামাত্র, তা তো এখন দিনের মতো ফরসা। পাঁচ বছর ধরে যদি বিন লাদেন অ্যাবোটাবাদে ঘাপটি মেরে থেকে থাকেন, তাহলে তার প্রায় অর্ধেক সময় ছিল মোশাররফের রাজত্বকালেই। তিনি দেশের প্রেসিডেন্ট, সেনাবাহিনীরও সর্বাধিনায়ক। লাদেন মৃত, এ কথা তিনি হয় জেনেশুনে মিথ্যা বলেছেন, নয়তো তিনি নেহাতই অকার্যকর একজন রাষ্ট্রপ্রধান ছিলেন।আমেরিকার কংগ্রেসের ভেতরে অনেকে নিশ্চিত, ব্যাপারটা ঘটেছে পাকিস্তানের সম্মতি ও সাহায্যেই। কোনো কোনো কংগ্রেসম্যান বলেছেন, বছরের পর বছর যে টাকা পাকিস্তানকে পালতে ব্যয় হচ্ছে, তার প্রায় সবটাই পানিতে যাচ্ছে। অনেকে নতুন অর্থসাহায্য পাঠানোর বিরুদ্ধে। কেউ কেউ বলেছেন, যদি সাহায্য অব্যাহত রাখতেই হয়, তাহলে সব আটঘাট বেঁধে, যতটা সম্ভব অতিরিক্ত শর্ত জুড়ে তা পাঠাতে হবে। তবে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আরও সাবধানতার সঙ্গে এগোনোর পক্ষপাতী। তিনি মুখে বলেছেন, পাকিস্তান জেনেশুনে বিন লাদেনকে আশ্রয় দেয়নি, কিন্তু কী করে এমন ঘটনা সম্ভব হলো, তার তদন্ত হওয়া উচিত। পাকিস্তানও বলেছে তদন্ত হবে, তবে তার দায়িত্ব তারা একা বহন করবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার প্রস্তাব তারা নাকচ করে দিয়েছে। পাকিস্তানের এই একরোখা মনোভাবে যুক্তরাষ্ট্রের সন্দেহ বরং বেড়েছে। যদি বিন লাদেনের খোঁজ তারা জেনেশুনেই লুকিয়ে রেখে থাকে তাহলে যতই তদন্ত হোক না কেন, সত্য প্রকাশিত হবে না। যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হলো, চাইলেও পাকিস্তানকে উগরে দিতে পারছে না। গত ১০ বছরের অব্যাহত মার্কিন হামলার ফলে আফগানিস্তানে তালেবান বাহিনী দুর্বল হয়তো হয়ছে। বিন লাদেনের মৃত্যু তাদের আরও কমজোরি করবে, তাও ঠিক। কিন্তু তালেবান নির্মূল হয়েছে, এ কথা ভাবা বোকামি। পাকিস্তানের মদদ পেয়ে এই সন্ত্রাসী দল আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অতএব, পাকিস্তানের সমর্থন ছাড়া তালেবান নির্মূল হবে না। আফগানিস্তানে ন্যাটোর অভিযানের জন্য যে অস্ত্র ও রসদের চালান আসে, তার অধিকাংশই যায় পাকিস্তানের ভেতর দিয়ে, করাচির সমুদ্রবন্দর থেকে সড়কপথে। পাকিস্তান চাইলে সে চালান আটকে দিতে পারে। পাকিস্তানের সমর্থন নিয়ে তালেবানি এজেন্টরা সে কনভয়ের ওপর চোরাগোপ্তা হামলা চালাতে পারে। মস্ত আরেক ভয় পাকিস্তানের আণবিক অস্ত্রভান্ডার নিয়ে। যে দেশ বিন লাদেনের মতো সন্ত্রাসীর অবাধ বিচরণ ঠেকাতে অক্ষম, তারা যে নিজেদের আণবিক অস্ত্রবহর একা আগলে রাখতে পারবে, তাতে আস্থা রাখা কঠিন। এই বাস্তবতার মুখোমুখি হয়ে নাকে আঙুল দিয়ে হলেও হয়তো পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে হবে যুক্তরাষ্ট্রকে।