তোফায়েল আহমেদের রিট: ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ অবৈধ ঘোষণা
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের কাছ থেকে ২০০১ সালে নির্বাচনী ব্যয়ের জন্য অর্থপ্রাপ্তির অভিযোগে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারক আবদুল হাকিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার তোফায়েল আহমেদের করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন। আদালতে তোফায়েল আহমেদের আইনজীবী ছিলেন রোকনউদ্দিন মাহমুদ আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান।জানা যায়, ২০০১ সালে নির্বাচনী ব্যয়ের জন্য তোফায়েল আহমেদ ভোলার উত্তরা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের দুটি অ্যাকাউন্টে বিভিন্ন ব্যক্তির নামে সাত কোটি ২০ লাখ টাকা পাঠান বলে অভিযোগ ওঠে। এ ঘটনা অনুসন্ধানের জন্য তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ১৭ এপ্রিল ভোলার জেলা জজ আদালতে আবেদন জানায়। এই পরিপ্রেক্ষিতে একই বছর ২১ এপ্রিল আদালত ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরের ২৭ এপ্রিল হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন দায়ের করেন তোফায়েল আহমেদ। ২৮ এপ্রিল হাইকোর্ট কারণ দর্শানোর জন্য রুল-নিশি জারি করেন। রুলের শুনানি শেষে আজ আদালত ব্যাংক হিসাব জব্দের আদেশ অবৈধ ঘোষণা করেন।