মহাজোট সরকারের শেষ বেলায় আওয়ামী লীগ ও ১৪ দলের সাতজন জ্যেষ্ঠ নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। কাল বৃহস্পতিবার বেলা তিনটায় বঙ্গভবনে তাঁরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে আজ বুধবার রাতে এ খবর জানা গেছে।সূত্র জানায়, মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের বর্তমান হুইপ ও আওয়ামী লীগের নেতা মুজিবুল হক। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজশাহীর আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহের সরকারদলীয় সাংসদ আবদুল হাই। এই সাত নেতাকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা টেলিফোনে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে তাঁদের কোন কোন দপ্তর দেওয়া হচ্ছে, তা এখনো জানানো হয়নি। ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান মহাজোট সরকারের যে মন্ত্রিসভা শপথ নেয় তাতে জ্যেষ্ঠ নেতারা স্থান পাননি। সাংবিধানিকভাবে বর্তমান মহাজোট সরকারের মেয়াদ আছে ১৩ মাস। আগামী বছরের ২৫ অক্টোবর এই সরকারের মেয়াদ শেষ হবে।মন্ত্রিসভার বর্তমান সদস্য ৪৬ জন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টা রয়েছেন। এদের মধ্যে ছয়জন মন্ত্রীর ও একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা। ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর একই বছরের ২২ জানুয়ারি ও ২৫ জুলাই দুই দফা মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়। সর্বশেষ গত বছরের ২৮ অক্টোবর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের মন্ত্রী হিসেবে শপথ নেন।