তোফায়েলের কণ্ঠে অভিমান, মেননের ক্ষোভ
ক্ষোভ ও অভিমানে মন্ত্রিসভায় যোগ দেওয়া থেকে বিরত রইলেন তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন। তাঁদের এই অবস্থান সরকারের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।বিভিন্ন সূত্রে কথা বলে জানা যায়, মহাজোট সরকারের শেষ বছরে এসে সরকারের ব্যর্থতা ও দুর্নামের ভাগীদার হতে চাননি এই দুই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে দেওয়া দুজনের বক্তব্যেই ছিল ক্ষোভ আর অভিমানের সুর। তবে তাঁরা সরকারের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন।সাত মন্ত্রীর শপথ অনুষ্ঠানের পর বিকেলে রাজধানীর বনানীর বাসভবনে এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করেছি, এ মুহূর্তে মন্ত্রিসভায় যোগ দিয়ে তেমন কিছু করতে পারব না। সে জন্য মন্ত্রিসভায় যোগ দিইনি। তা ছাড়া আমার মতো একজন তোফায়েল আহমেদ মন্ত্রিসভায় যোগদান না করলে তাতে কিছু যায় আসে না।’মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান বাসায় টেলিভিশনের পর্দায় দেখেন তোফায়েল আহমেদ। এর পরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর শপথ না নেওয়ার কারণ কী, জানতে চাইলে বিগত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী বলেন, ‘প্রথমত, এ মুহূর্তে রাজনৈতিক, সামাজিক ও মানসিকভাবে আমি প্রস্তুত নই। দ্বিতীয়ত, আমাকে কাপাসিয়া নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনটি সঠিকভাবে পরিচালনার মাধ্যমে দায়িত্ব পালন করতে চাই।’শপথ না নেওয়ার পেছনে কোনো ক্ষোভ, হতাশা বা বঞ্চনা কাজ করেছে কি না—এ প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘না, আমার মধ্যে কোনো ক্ষোভ বা হতাশা নেই। হতাশা থাকবে কী কারণে? আমি একজন সংসদ সদস্য, একটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ডাকলে তাঁর নেতৃত্বে কাজ করি। আমাদের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝিও নেই।’তা হলে কেন মন্ত্রিত্ব গ্রহণ করলেন না? তোফায়েল আহমেদ বলেন, ‘একজন মানুষ মন্ত্রিসভায় যোগ দিলেই কি সবকিছু হয়ে যায়? এখন তো ৪৬ জন মন্ত্রী আছেন, আজকে আরও সাতজন যোগ দিলেন। তাঁরাও যথাযথভাবে তাঁদের দায়িত্ব পালন করবেন। আমি একজন মন্ত্রী হইলেই কী, আর না হইলেই কী!’মন্ত্রিসভার নতুন সদস্যদের সম্পর্কে অভিজ্ঞ এই রাজনীতিবিদ বলেন, ‘আমাদের বর্তমান যে মন্ত্রিসভা, আমি মনে করি, তাঁরা সফলতার সঙ্গে কাজ করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে সঠিক পথে সরকার পরিচালনা করছেন। আর যাঁরা এখন মন্ত্রী আছেন, বাকি দিনগুলো তাঁরাই ভালো করে কাজ করতে পারবেন।’আপনার সিদ্ধান্তে বিরোধী দল সুযোগ নিতে পারে কি না—জবাবে আওয়ামী লীগের এই প্রবীণ সাংসদ বলেন, বিরোধী দল তো সবটার মধ্যেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে, এতে কিছু যায় আসে না। একজন লোক মন্ত্রী হবেন কি হবেন না, এটা তো তাঁর নিজের বিষয়। এতে বিরোধী দলের কী আছে।শেষে তোফায়েল আহমেদ বলেন, ‘মন্ত্রিত্বটা আমার কাছে বড় কিছু না। আওয়ামী লীগ নেতার দল নয়, মন্ত্রীর দল নয়; আওয়ামী লীগ কর্মীর দল। আমি তাদের সঙ্গে আছি এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনগুলোতে কাজ করে একদিন এ পৃথিবী থেকে বিদায় নিতে চাই।’প্রত্যাশা পূরণ হয়নি: রাশেদ খান মেনন বলেন, ‘এ পর্যন্ত মন্ত্রিসভা গঠনসহ রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগের কোনো আলোচনা হয়নি। মহাজোট সরকার ২৩ দফার ভিত্তিতে ১৪ দলের দীর্ঘ ধারাবাহিক আন্দোলন ও মহাজোটের ভিত্তিতে নির্বাচনেরই ফলাফল। সেই ধারাবাহিকতায় মহাজোট সরকারে ১৪ দলের শরিক হিসেবে ওয়ার্কার্স পার্টি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যে প্রত্যাশা নিয়ে মহাজোট সরকারে যোগ দিয়েছিলাম, সেই প্রত্যাশা পূরণ হয়নি।’গতকাল দুপুরে রাজধানীর তোপখানা রোডে দলের পলিটব্যুরোর বৈঠক শেষে মেনন মন্ত্রিসভায় তাঁর যোগ না দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের যে প্রত্যাশা ও দাবি ছিল, সরকার সেগুলো পূরণে ব্যর্থ হয়েছে।’সূত্র জানায়, পলিটব্যুরোর প্রায় সব সদস্য একযোগে মেননের মন্ত্রিসভায় যোগদানের বিরোধিতা করেন। তাঁরা ওয়ার্কার্স পার্টির ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর গৃহীত সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দলের পক্ষ থেকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার সুযোগ নেই। তবে ওয়ার্কার্স পার্টি সংসদে এবং সংসদের বাইরে সরকারের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে এবং ১৪ দলসহ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্য আরও দৃঢ় করে বিএনপি-জামায়াতসহ সাম্প্রদায়িক শক্তির ক্ষমতায় প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেনন বলেন, ওয়ার্কার্স পার্টি মহাজোটে থাকবে এবং বাইরে থেকে সরকারকে সব ধরনের সহায়তা করবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড ও সিদ্ধান্তে যদি গুণগত কোনো পরিবর্তন হয়, তাহলে ভবিষ্যতে মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়ে চিন্তা করে দেখা যেতে পারে।