ইটের চেয়ে কঠিন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের জীবন। সকালে ঘুমভাঙা চোখে ওকে যেতে হতো ইটভাটায়। ক্ষুধার্ত পেট নিয়ে করত ইট ওঠানো-নামানোর কাজ।ভাটা থেকে ফিরে কখনো পান্তা খেয়ে, কখনো না খেয়ে যেত বিদ্যালয়ে। ছুটির পর সন্ধ্যা পর্যন্ত আবার কাজ। রাতে শরীর থাকত ক্লান্ত-শ্রান্ত। তবু মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে ও। শেষ পর্যন্ত জয় হয়েছে শহিদুলের। এ বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।শহিদুলের মতো দিনমজুরি ও কঠোর সংগ্রাম করে একই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলার আবু সাইদ ও ময়মনসিংহের গফরগাঁওয়ের শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আলী। আর পাবনার সাঁথিয়া উপজেলার ভ্যানচালক আবদুল্লাহ জিপিএ-৫ পেয়েছে দাখিল পরীক্ষায়।ওরা চারজনই আজ জয়ী। ওদের জয় সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা দেয় অন্যদেরও।হাল ছাড়েনি শহিদুল: শহিদুলের বাড়ি সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামে। বাবা আবদুর রশিদ দিনমজুর। মা সাহিদা বেগম ঝিয়ের কাজ করেন। অভাবে তিন বোনের লেখাপড়া হয়নি। দ্বিতীয় শ্রেণীতে পড়া অবস্থায় বাড়ির পাশের ইটভাটায় কাজ শুরু করে শহিদুল। নিজের উপার্জনে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়।অন্য মেধাবী শিক্ষার্থীদের মতো চিকিৎসক বা প্রকৌশলী হতে চায় না শহিদুল। ওর ইচ্ছা ভালো শিক্ষক হয়ে ভালো শিক্ষার্থী গড়া। শহিদুল বলে, ‘ইট টানাটানি করতে গিয়ে অনেক সময় দুই হাতে আঘাত পেয়েছি। কিন্তু লেখাপড়ার হাল ছাড়িনি।’চিকিৎসক হতে চায় সাইদ: লেখাপড়া চালাতে গিয়ে পঞ্চম শ্রেণীতে উঠেই দিনমজুরি শুরু করতে হয়েছিল পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আবু সাইদকে। দিনমজুরি করেই উপজেলার ধোপাপাড়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। এর আগে সাইদ পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তিও পায়।সাইদের ফলাফলে খুবই আশ্চর্য হয়েছেন রামকৃষ্ণপুর গ্রামের কৃষক সুলতান ইসলাম। কারণ, গত পেঁয়াজ লাগানোর মৌসুমে সাইদ টানা ১৫-২০ দিন তাঁর জমিতে কাজ করেছে। বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়নি। এর আগেও কাজ করেছিল।ধোপাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, দরিদ্র কিন্তু অসম্ভব মেধাবী হওয়ায় তাঁরা সাইদের কাছ থেকে কোনো বেতন নেননি। বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে পাওয়া সৌজন্যের বই শিক্ষকেরা আবু সাইদকে দিতেন।সাইদের বাবা জমির উদ্দিন দিনে অন্যের জমিতে কাজ করেন, রাতে বাড়তি আয়ের জন্য ডালি তৈরি করেন। ভবিষ্যতে কী হতে চাও, জানতে চাইলে আবু সাইদ জানায়, তার গ্রামে কোনো চিকিৎসক নেই। চিকিৎসক হয়ে সে গ্রামবাসীর সেবা করতে চায়।পায়ে সমস্যা সত্ত্বেও রিকশা চালিয়েছে আলী: গফরগাঁওয়ের বাগুয়া (পূর্বপাড়া) গ্রামের রিকশাচালক রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী। জন্ম থেকেই ওর ডান পায়ে সমস্যা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। সেই সঙ্গে ছিল অভাব। কেরোসিন কেনার টাকা না থাকায় মাঝেমধ্যে রাতে পড়তেও পারেনি। তবু পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল।লেখাপড়ার প্রতি ওর আগ্রহ দেখে এসএসসি পরীক্ষার ফরম পূরণসহ বই কেনার যাবতীয় খরচ বহন করেছিল গফরগাঁওয়ের রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। জিপিএ-৫ পেয়ে আলী তার প্রতিদান দিয়েছে।ভবিষ্যতে কম্পিউটার প্রকৌশলী হতে চায় আলী। ও জানায়, ‘নিজের ও ছোট দুই ভাইবোনের লেখাপড়ার খরচ চালাতে সংসারের বড় ছেলে হিসেবে মাঝেমধ্যে বাবার সঙ্গে রিকশা চালিয়েছি।’আলী প্রসঙ্গে রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের বলেন, ‘ছেলেটি মেধাবী। সুযোগ পেলে ও আরও ভালো করবে।’‘আমার ভ্যানে এখন উঠপার চায় না’: সাঁথিয়া উপজেলার তেঘরি গ্রামের আবদুল্লাহকে রাস্তায় ভ্যান চালাতে দেখে লোকজন তাকে সাধারণ একজন ভ্যানচালক বলেই ভাবত। কিন্তু জিপিএ-৫ পাওয়ার পর তেঘরিসহ আশপাশের গ্রামগুলোতে সাড়া পড়ে গেছে।লাজুক কিন্তু গর্বিত ভঙ্গিতে আবদুল্লাহ বলে, ‘যারা আমাক চেনে, তারা আমার ভ্যানে এখন উঠপার চায় না। তারা কয়, তুই বিরাট কাম করছিস, গিরামের মুখ উজ্জ্বল করছিস। তোর মতো কৃতী ছাত্রের ভ্যানে উঠা আমাগরে মানায় না।’তিন ভাইয়ের মধ্যে আবদুল্লাহ সবার বড়। বাবা মফিজ উদ্দিন দিনমজুর। কিন্তু অসুস্থতার জন্য প্রায়ই তিনি কাজে যেতে পারেন না। তাই সংসারের খরচ জোগাতে বাধ্য হয়েই আবদুল্লাহ ভ্যান চালায়।আফতাবনগর মোমিনিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক আবদুল মতিন বলেন, ‘আবদুল্লাহ বরাবরই ক্লাসে প্রথম হতো। আমরা আগেই জানতাম, এই ছেলে আমাদের মাদ্রাসার মুখ উজ্জ্বল করবে।’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আবুল কালাম মুহাম্মদ আজাদ, রাজশাহী; শাহাবুল শাহীন, গাইবান্ধা; মো. কামরুজ্জামান, ময়মনসিংহ; বরুণ রায়, বেড়া (পাবনা)]