১২২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুস সবুর খান, বীর বিক্রমনির্মাণশ্রমিক থেকে সাহসী যোদ্ধাআবদুস সবুর খানসহ ৩০-৩২ জনের একদল মুক্তিযোদ্ধা নদীর ঘাটে ওত পেতে বসে আছেন। সবার হাত অস্ত্রের ট্রিগারে, দৃষ্টি সামনে প্রসারিত। কয়েক মিনিটের মধ্যেই সেখানে হাজির হলো ছয়-সাতজন পাকিস্তানি সেনা। তারা ডান-বাঁয়ে দেখতে থাকল। একটু পর আরও ১০-১২ জন পাকিস্তানি সেনা সেখানে এল। পাকিস্তানি সেনারা তাঁদের নাগালের মধ্যে। আবদুস সবুর খান এবং তাঁর সহযোদ্ধারা সংকেত পেয়ে একযোগে গুলি শুরু করলেন। প্রথম ধাক্কায় যা হওয়ার তা-ই হলো। চারজন পাকিস্তানি সেনা নদীতে গড়িয়ে পড়ল। তিনজন নদীর পাড়ে পড়ে রইল। তাদের কোনো সাড়াশব্দ বা নড়াচড়াও নেই। বোঝা গেল, তাদের দেহে প্রাণ নেই। একটু পর পাকিস্তানি সেনারাও গুলি শুরু করে। মেশিনগান, টু ইঞ্চ, থ্রি ইঞ্চ মর্টার ও রকেট লঞ্চারের গোলাগুলিতে চারদিক প্রকম্পিত হয়ে পড়ল। প্রায় আধঘণ্টা একনাগাড়ে যুদ্ধ চলল। তারপর থেমে থেমে আড়াই ঘণ্টা। এই যুদ্ধে আবদুস সবুর খান অসীম সাহসিকতা প্রদর্শন করেন। তিনি নদীর পাড়ে একবার ডানে, একবার বাঁয়ে, আধমাইল দৌড়াদৌড়ি করে প্রায় তিন ঘণ্টা গুলি চালালেন। আধা মাইলজুড়ে মুক্তিবাহিনী পজিশন নিয়েছে; পাকিস্তানি সেনাদের এ রকম ধোঁকা দেওয়াই ছিল তাঁর মূল উদ্দেশ্য। সে কাজে তিনি পুরোপুরি সফল হলেন। বিশৃঙ্খল পাকিস্তানিরা সেখান থেকে পালিয়ে গেল। এ ঘটনা ১৯৭১ সালের ১৭ জুন সকালে, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার পশ্চিমে কামুটিয়ায়।আবদুস সবুর খান ছিলেন একজন নির্মাণশ্রমিক। ১৯৭১ সালে টাঙ্গাইলের সন্তোষে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরে টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনী গঠন হলে এতে যোগ দেন। তিনি ছিলেন কাদেরিয়া বাহিনীর একজন দুর্ধর্ষ যোদ্ধা। পরে তাঁকে একটি দলের দলনেতা হিসেবেও দায়িত্ব দেওয়া হয়। টাঙ্গাইলের বেশ কয়েকটি যুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। জুন-জুলাই-আগস্ট টানা তিন মাস কয়েকটি যুদ্ধে অংশ নিয়ে পরিশ্রান্ত আবদুস সবুর বিশ্রামে ছিলেন টাঙ্গাইলের সুবিরচালা গ্রামে। এখানে থাকার সময় একদিন দুপুরে হইচই পড়ে যায়। জানতে পারেন, তিন মাইল দূরে মরিচা গ্রামে পাকিস্তানি সেনারা আক্রমণ করেছে। সেখানে ছিল কাদেরিয়া বাহিনীর একটি দল। তাঁরা পাকিস্তানি সেনাদের প্রতিরোধে ব্যর্থ হয়। পরিশ্রান্ত আবদুস সবুর খান তখন নিজেকে স্থির রাখতে পারলেন না। ছুটে যান সেদিকে। কাছাকাছি পৌঁছে দেখতে পান, পাকিস্তানি সেনাদের বেশির ভাগ একটি নৌকায় করে নদী পার হয়ে বল্লার দিকে যাচ্ছে। কয়েকজন নদীর পাড়ে অপেক্ষা করছে নৌকার জন্য। এ সুযোগ হাতছাড়া করলেন না আবদুস সবুর খান। নৌকা ঘাটে ফিরে এলে পাকিস্তানি সেনারা তাতে ওঠামাত্র মাঝি নৌকা ছেড়ে দিল। এমন সময় গর্জে উঠল তাঁর অস্ত্র। ব্রাশফায়ারে চার-পাঁচজন পাকিস্তানি সেনা গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে গেল। তিনজন নৌকার ওপর লুটিয়ে পড়ল। তারা কোনো কিছু বোঝার সময়ই পেল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে সমবেত হলো শত শত মানুষ। একটু আগে তাঁরা ছিল আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত। তখন আনন্দে উদ্বেলিত। পাকিস্তানি সেনা যারা ওপারে ছিল, তারা এলোপাতাড়ি গুলি চালাতে চালাতে পালিয়ে গেল। এছাড়া পাথরঘাটা, বল্লা, বাথুনি, চাড়ান, এলাসিন, নাগরপুর, বাসাইল, মির্জাপুরের যুদ্ধে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন তিনি।মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুস সবুর খানকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।আবদুস সবুর খানের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চর রাঘবরায় গ্রামে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে বসবাস করেন টাঙ্গাইল জেলা শহরের আদালত পাড়ায়। তাঁর বাবার নাম সুজাত আলী খান, মা আয়েশা খানম, স্ত্রী রাবেয়া বেগম। তাঁদের পাঁচ ছেলে, এক মেয়ে।আবদুস সবুর খান বলেন, ‘যতবার দেশে সামরিক শাসন জারি হয়েছে, ততবার আমাকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধারের নামে অত্যাচার করা হয়েছে। জীবন বাজি রেখে দেশ স্বাধীন করে মুক্তিযোদ্ধা হিসেবে দেশের কাছে এই আমি পেয়েছি।’সূত্র: আবদুস সবুর খান বীর বিক্রমের সাক্ষাৎকার: নিয়েছেন প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা : তারা রহমান[email protected]