১৩৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মজিবুর রহমানবীর বিক্রমযুদ্ধক্ষেত্রেই জীবন দিলেনমুক্তিবাহিনীর এস ফোর্সের অধিনায়ক একদল পাকিস্তানি সেনাকে নির্দেশ দিলেন আত্মসমর্পণের। তারা সবাই অস্ত্রসহ হাত উঁচু করল। কিন্তু আসলে সেটা ছিল তাদের অভিনয়। মিনিটও যায়নি, তারা হঠাৎ মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পাকিস্তানি সেনারা যে এমনটা করবে, মুক্তিযোদ্ধা মজিবুর রহমানসহ তাঁর সহযোদ্ধাদের ধারণারও অতীত ছিল। তাৎক্ষণিক কিছুটা হতভম্ব হয়ে পড়লেও দ্রুত তাঁরাও পাল্টা আক্রমণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পূর্বদিকে শাহবাজপুরের পাশেই চান্দুরা। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মুক্তিবাহিনীর এস ফোর্সের ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সীমান্ত এলাকা থেকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভোরে সেখানে পৌঁছায়। বিকেলে তাঁদের সঙ্গে যোগ দেন এস ফোর্স অধিনায়ক মেজর কে এম সফিউল্লাহ (বীর উত্তম, পরে মেজর জেনারেল ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রধান)। মুক্তিবাহিনীর একটি দল (সি কোম্পানি) যখন ইসলামপুরে পৌঁছায়, তখন সেখানে পেছন থেকে পাকিস্তান সেনাবাহিনীর দুটি মিলিটারি লরি অপ্রত্যাশিতভাবে হাজির হয়। লরিতে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ফ্রন্টিয়ার ফোর্সের ১৪-১৫ জন সেনা। তখন কে এম সফিউল্লাহও সেখানে ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের আদেশ দেন। তারা অস্ত্রসহ হাত উঁচু করে লরি থেকে লাফ দিয়ে নেমে হঠাৎ মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। কয়েক মিনিট পর পেছন থেকে পাকিস্তানি সেনাভর্তি আর একটি বাস সেখানে আসে। এরপর শুরু হয়ে যায় ভয়াবহ যুদ্ধ। পাকিস্তানি সেনাদের আক্রমণের প্রচণ্ডতায় মুক্তিবাহিনীর দলটি কিছুটা বিশৃঙ্খল ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। মজিবুর রহমান ছিলেন এক কোম্পানি। তাঁদের একটি প্লাটুন জীবন বাঁচাতে পার্শ্ববর্তী নদীর অপর পারে আশ্রয় নেয়। বাকি দুই প্লাটুনের একটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাত্র একটি প্লাটুন সাহসিকতা ও বীরত্বের সঙ্গে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করতে থাকে। এই প্লাটুনেই ছিলেন মজিবুর রহমান। এ সময় কয়েকটি গুলি হঠাৎ এসে তাঁর শরীরের বিভিন্ন স্থানে লাগে। সঙ্গে সঙ্গে তিনি ঢলে পড়েন মৃত্যুর কোলে। সেদিন সেখানে মুক্তিবাহিনীর মজিবুর রহমানসহ আরেকজন শহীদ এবং ক্যাপ্টেন এ এস এম নাসিম (বীর বিক্রম, পরে লেফটেন্যান্ট জেনারেল ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান) ও লেফটেন্যান্ট মঈনুল হোসেনসহ (১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেডিকেল অফিসার) ১১-১২ জন আহত হন। অন্যদিকে পাকিস্তানি সেনাদের ২৫ জন নিহত ও ১৪ জন বন্দী হয়। বাকিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। যুদ্ধশেষে শহীদ মজিবুর রহমান ও তাঁর আরেক শহীদ সহযোদ্ধাকে সমাহিত করা হয় চান্দুরা সেতুর পাশে। কবর দুটি চিহ্নিত আছে। শহীদ মজিবুর রহমান চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। পরে তিনি ৩ নম্বর সেক্টর এলাকায় যুদ্ধ করেন। এস ফোর্স গঠিত হলে তাঁকে ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ মজিবুর রহমানকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। শহীদ মজিবুর রহমানের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। তাঁরা চার ভাই, চার বোন। তাঁর বাবার নাম সিরাজউদ্দিন হাওলাদার। মা হাসনা বানু। মজিবুর রহমানের মা মারা গেলে তাঁর বাবা লাল বানু নামে আরেকজনকে বিয়ে করেন। শহীদ মজিবুর রহমান বীর বিক্রমের ছোট ভাই হারুন-অর রশিদ বলেন, ‘স্বাধীনতার কয়েক দিন পর আমরা জানতে পারি ভাইয়ের শহীদ হওয়ার খবর। পরে আমি ও বাবা কবর দেখে এসেছি। ভাই দেশের জন্য শহীদ হয়েছেন, এ জন্য আমরা গর্বিত। দুঃখের বিষয়, তাঁর কোনো ছবি নেই। ১৯৯৩ সালে বাবা মারা যাওয়ার পর থেকে কেউ আমাদের খোঁজখবর নেন না। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে আমরা এখন ভূমিহীন। পেটের দায়ে দিনমজুরি করে সংসার চালাই।’সূত্র: প্রথম আলো বরিশাল প্রতিনিধি সাইফুর রহমানের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান [email protected]