স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে ধারাবাহিক প্রতিবেদন। আজ পড়ুন মতিউর রহমান বীর প্রতীকের কথা।মতিউর রহমান ১৯৭১ সালের ৭ এপ্রিল সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এরপর তুরায় প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ১১ নম্বর সেক্টরের অধীন মহেন্দ্রগঞ্জ সাব সেক্টরে যোগ দেন। এখানে সাব সেক্টর কমান্ডার ছিলেন লে. আবদুল মান্নান।সীমান্তবর্তী কামালপুরে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী একটি ক্যাম্প। মুক্তিযুদ্ধ চলাকালে কামালপুর ও এর আশপাশ এলাকায় পাকিস্তান বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর একাধিকবার যুদ্ধ হয়।মহেন্দ্রগঞ্জ সাব সেক্টর কমান্ডারের নির্দেশে তারা কয়েক দল মুক্তিযোদ্ধা ২৯ নভেম্বর রাতে কামালপুর ঘাঁটি আক্রমণ করেন। সে দিন তাঁরা জয়বাংলা স্লোগান দিতে দিতে এবং গ্রেনেড চার্জ ও গুলি করতে করতে কামালপুর ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঘাঁটির কাছাকাছি যাওয়ামাত্র পাকিস্তানি বাহিনী তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। তখন অনেক মুক্তিযোদ্ধা সেখানে হতাহত হন। মুক্তিযোদ্ধা মতিউর রহমান নিজেও গুলিতে আহত হন। সতীর্থ মুক্তিযোদ্ধারা তাঁকে উদ্ধার করে মহেন্দ্রগঞ্জ নিয়ে যান। এরপর তুরায় এবং পুনা হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। মতিউর রহমান কামালপুর ছাড়াও ধানুয়া কামালপুর, বশিরউল্লা, মার্দা, দেওয়ানগঞ্জ উপজেলার আন্ডার চর, কাঠার বিল, জিগাবাড়ী এবং শ্রীবর্দী উপজেলার কর্ণজোড়া, বাট্টাজোড় যুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর প্রতীক খেতাব পান। মতিউর রহমান এখন বসবাস করেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে। এটা তাঁর স্থায়ী ঠিকানা। ধানুয়া ভারত সীমান্তবর্তী একটি গ্রাম। তাঁর বাবার নাম তসলিমউদ্দীন সরকার। মায়ের নাম সখিনা বেগম। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। ১৯৭১ সালে তাঁর বয়স ছিল ১৯। মতিউর রহমান বিবাহিত। স্ত্রীর নাম মনোয়ারা বেগম। তাঁদের তিন মেয়ে ১ ছেলে। গ্রন্থনা: তারা রহমান