তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবদুর রহিম, বীর বিক্রমবাংকারে গ্রেনেড ছোড়ার সময় শহীদ হন তিনিশেষ রাতে চিলমারীর আকাশ গোলাগুলিতে রক্তিম হয়ে উঠল। মুক্তিবাহিনীর কয়েকটি দল একযোগে আক্রমণ করেছে চিলমারীর বিভিন্ন পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানে। একটি দলে আছেন আবদুর রহিম। তিনি নিয়মিত বাহিনীর। বিভিন্ন স্থানে আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়া। সকালের আলো ফোটার আগেই আগুনের আলোয় চারদিক আলোকিত হয়ে উঠল। একদিকে গোলাগুলির তীব্র শব্দ, অন্যদিকে হতবিহ্বল নারী-পুরুষের ক্রন্দনরোল—যেন মহাপ্রলয় চলছে। এ ঘটনা ১৯৭১ সালের ১৭ অক্টোবরের।দ্বিতীয় বিশ্বযুদ্ধখ্যাত নরমান্ডি ল্যান্ডিংয়ের বিশালতার সঙ্গে বাংলাদেশের চিলমারী ল্যান্ডিংয়ের তুলনা করা হয়তো ঠিক হবে না। তার পরও অনেক সমরবিদের মতে, চিলমারীর অভিযানে শঙ্কা-সংকট কোনো অংশে কম ছিল না। চিলমারী বর্তমানে কুড়িগ্রাম জেলার অন্তর্গত উপজেলা। এর অবস্থান ব্রহ্মপুত্র নদের পশ্চিমে। চিলমারীর বিপরীতে নদের পূর্বে রৌমারী। সেখান থেকে বিশাল ব্রহ্মপুত্র নদ অতিক্রম করে চিলমারীতে আক্রমণ পরিচালনা করা ছিল দুঃসাধ্য একটি কাজ। ১৯৭১ সালে চিলমারীর কয়েকটি স্থানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান। এর মধ্যে ওয়াপদার অবস্থান ছিল সবচেয়ে সুরক্ষিত।ওই অবস্থানেই আবদুর রহিমরা আক্রমণ করেন। তাঁর দলনেতা ছিলেন নায়েক সুবেদার আবদুল মান্নান (বীর বিক্রম)। আবদুর রহিম তাঁর দলনেতার সঙ্গেই ছিলেন। ওয়াপদা ছাড়া চিলমারীর অন্যান্য পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থান কয়েক ঘণ্টার মধ্যে মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে। কিন্তু ওয়াপদার প্রতিরক্ষা অবস্থান থেকে পাকিস্তানিদের কোনোভাবেই হটানো সম্ভব হচ্ছিল না। ওয়াপদার অবস্থানে ছিল বেশ কটি কংক্রিটের বাংকার। বেশির ভাগ বাংকারে ছিল মেশিনগান। এর মধ্যে একটি ছিল বেশ সুবিধাজনক অবস্থানে। সেখান থেকে পাকিস্তানিরা বিরামহীন গুলি ছুড়ছিল। একপর্যায়ে আবদুর রহিম জীবন বাজি রেখে ওই বাংকার ধ্বংস করার জন্য ক্রলিং করে এগিয়ে যান। বাংকারে গ্রেনেড ছোড়ার সময় গুলিবিদ্ধ হন। নিমেষে তাঁর শরীরটা কুঁকড়ে যায়। ঢলে পড়েন মাটিতে। আবদুর রহিমের রক্ত বৃথা যায়নি। মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের তিন দিক থেকে অবরোধ করে রাখে। যুদ্ধ চলে কয়েক দিন ধরে। পরে পাকিস্তানিরা সেখান থেকে পালিয়ে যায়। শহীদ আবদুর রহিমকে সহযোদ্ধারা চিলমারীতে সমাহিত করেন। স্বাধীনতার পর তাঁর মরদেহ সেখান থেকে তুলে কসবার কুটি-চৌমুহনী এলাকায় পুন সমাহিত করা হয়। এই কবরটি বর্তমানে অবহেলা ও অযত্নে পড়ে আছে। আবদুর রহিম ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এতে ঝাঁপিয়ে পড়েন। চট্টগ্রামে প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়ার পর তাঁর দলের সঙ্গে ভারতে যান। প্রথমে ১১ নম্বর সেক্টরের অধীনে, পরে জেড ফোর্সের অধীনে যুদ্ধ করেন। অক্টোবরের প্রথমার্ধে জেড ফোর্স সিলেট এলাকায় যায়। কিন্তু তাঁদের দল চিলমারীতে থেকে যায়। আবদুর রহিম রৌমারীর ঠাকুরের চরসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে, বিশেষত চিলমারীর যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুর রহিমকে মরণোত্তর বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছে।আবদুর রহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে। তাঁর বাবার নাম খোরশেদ মিয়া। মা সুফিয়া খাতুন। তিনি অবিবাহিত ছিলেন। তাঁরা ছয় ভাই, তিন বোন। তিনি ছিলেন সবার বড়। তাঁর মা এখনো বেঁচে আছেন। বয়সের ভারে নুয়ে পড়েছেন। কথা বলতে পারলেও হাঁটাচলা করতে পারেন না। পঙ্গু অবস্থায় দিন কাটাচ্ছেন। শহীদ আবদুর রহিমের ছবি পাওয়া যায়নি। পরিবারের কারো কাছে তাঁর ছবি নেই।সুফিয়া খাতুন বললেন, ‘যুদ্ধের সময় রহিম একবার বাড়িতে এসেছিল। তখন আমাকে বলেছিল, মা, আমাদের দেশের মানুষকে পাঞ্জাবিরা মেরে ফেললে আমরা বেঁচে থেকে কী করব? আমাদের জন্য তুমি দোয়া কোরো। আমরা যেন দেশটা স্বাধীন করতে পারি। দেশ তো স্বাধীন হলো, কিন্তু আমার রহিম বেঁচে নেই। আমার ছেলের রক্তের বিনিময়ে দেশ আজ স্বাধীন। স্বাধীন দেশে আমরা বাস করি, এতেই আমি গর্বিত।’সূত্র: প্রথম আলোর কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো. সোহরাব হাসান, আবদুল মান্নান বীর বিক্রম ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: তারা রহমান[email protected]