তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবুল হোসেন, বীর প্রতীক‘প্রকৃত মুক্তিযোদ্ধা কেন ভাতা পান না?’আবুল হোসেন ১৯৭১ সালে যশোর ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) সেক্টরের অধীন যাদবপুর ক্যাম্পে কর্মরত ছিলেন। তাঁর কোম্পানি কমান্ডার ছিলেন আবদুল মজিদ মোল্লা। তিনি ছিলেন তাঁর টু আইসি। ২৬ মার্চ সকালেই তাঁরা পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের খবর পান। এ খবর শুনে তাঁরা সেখানকার অবাঙালি ইপিআরদের আটক করেন। ২৭ মার্চ সকালে তাঁদের ক্যাম্পে সহকারী উইং কমান্ডার অবাঙালি ক্যাপ্টেন সাদেক পরিদর্শনে আসে। অবাঙালি ইপিআরদের আটক করার ঘটনা শুনে সে উত্তেজিত হয়ে পড়ে। এ সময় আবুল হোসেন কৌশলে চুয়াডাঙ্গা ইপিআর উইংয়ে যোগাযোগ করে জানতে চান করণীয় সম্পর্কে। সেখান থেকে নির্দেশ আসে, ক্যাপ্টেন সাদেককে অস্ত্রমুক্ত করা হোক। এর মধ্যে কয়েকজন বাঙালি ইপিআর অস্ত্র হাতে ক্যাপ্টেন সাদেককে ঘেরাও করেন। সাদেকের সঙ্গে ছিল কয়েকজন অবাঙালি ইপিআর গার্ড। তখন উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ক্যাপ্টেন সাদেক তার দলবলসহ নিহত হয়। এ ঘটনার মধ্য দিয়েই আবুল হোসেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন। এরপর তাঁরা কুষ্টিয়া মুক্ত করার অভিযানে অংশ নিতে কোটচাঁদপুরে ডিফেন্স নেন। কুষ্টিয়া মুক্ত হলে তাঁরা দর্শনা হয়ে ভারতের গেদেতে সমবেত হন। সেখান থেকে তাঁদের বেনাপোল পাঠানো হয়। মেজর আবু ওসমান চৌধুরীর নির্দেশে তাঁরা সেখানে ডিফেন্স নেন।এপ্রিলের শেষে (২৪ বা ২৬) পাকিস্তানি সেনাবাহিনীর বিরাট একটি বহর তাঁদের ডিফেন্সে আক্রমণ করে। তাঁরা প্রাণপণ চেষ্টা করেও তাঁদের অবস্থান ধরে রাখতে পারেননি। এই যুদ্ধে তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হন। ভারতে চিকিৎসা নিয়ে তিনি আবার মুক্তিযুদ্ধে যোগ দেন। ৮ নম্বর সেক্টরের অধীন বয়রা সাব সেক্টরে সম্মুখ ও গেরিলা যুদ্ধ করেন। জুন মাসের একদিন তাঁদের কাছে খবর আসে কয়েকজন পাকিস্তানি সেনা ছুটিপুর এসেছে। তারা বাঙালিদের মারধর করছে এবং জোর করে টাকা-পয়সা নিচ্ছে। তিনি সেদিন পাঁচজন সহযোদ্ধাকে নিয়ে গেরিলা কায়দায় অতর্কিতে পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। তাঁদের আক্রমণে দুই পাকিস্তানি সেনা নিহত হয়। একজনকে তাঁরা জীবিত আটক এবং একটি গাড়ি ও পাঁচটি অস্ত্র হস্তগত করেন।আগস্ট মসে একদিন পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁদের বড় যুদ্ধ হয়। এই যুদ্ধে তিনিই নেতৃত্ব দেন। সেদিন তাঁদের বয়রা ক্যাম্পে তাঁরা যুদ্ধকৌশল নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ সেখানে খবর এল কাশিপুরে পাকিস্তানি সেনারা ঢুকে পড়েছে। তখন আবুল হোসেনের ওপর দায়িত্ব পড়ে পাকিস্তানি সেনাদের প্রতিহত করার। তিনি আরব আলী (বীর বিক্রম), মোস্তফা কামালসহ (বীর প্রতীক) আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কাশিপুরের বেলতায় অ্যাম্বুশ করেন। পাকিস্তানিরা আওতার মধ্যে আসামাত্র তাঁদের অস্ত্রগুলো একসঙ্গে গর্জে ওঠে। দুজন পাকিস্তানি সেনা সঙ্গে সঙ্গে নিহত হয়। পাকিস্তানি সেনা ৩০-৩৫ জন ছিল। তারাও পাল্টা আক্রমণ করে। তখন তাঁরা কিছুটা বেকায়দায় পড়েন। পরে তাঁর আরও কয়েকজন সহযোদ্ধা এসে যোগ দিলে পাকিস্তানিরা কোণঠাসা হয়ে পড়ে। এরপর তারা পালিয়ে যায়। একজন পাকিস্তানি সেনাকে তাঁরা জীবিত আটক করতে সক্ষম হন। এই যুদ্ধে তাঁর সহযোদ্ধা আরব আলীর হাতে গুলি লাগে। আবুল হোসেন আরও কয়েক স্থানে যুদ্ধ করেন। এর মধ্যে গোয়ালহাটি-ছুটিপুরের যুদ্ধ অন্যতম।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবুল হোসেন বীর প্রতীক খেতাব পেয়েছেন।আবুল হোসেনের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বাসাবাড়ি গ্রামে। তবে তিনি সেখানে বসবাস করেন না। বিজিবির চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে খুলনা মহানগরে স্থায়ীভাবে বসবাস করছেন। বাগমারা প্রধান সড়কে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেছেন। তাঁর বাবার নাম এসহাক গাজী। মা সোনাই বিবি। স্ত্রী আফরোজা হোসেন। তাঁদের তিন ছেলে, এক মেয়ে।আবুল হোসেন বললেন, ‘রাষ্ট্র আমাকে বীর প্রতীক খেতাব দিয়ে সম্মানিত করেছে। এ জন্য গর্বিত। কিন্তু ক্ষোভের বিষয় হলো, অনেক অমুক্তিযোদ্ধা সরকারি ভাতা পায়। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধারা ভাতা পাই না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেও প্রতিকার পাওয়া যায় না।’সূত্র: আবুল হোসেন বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন কাজী আবদুল্লাহ, প্রথম আলোর খুলনা অফিস এবং মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী, সুকুমার বিশ্বাস।গ্রন্থনা: তারা রহমানtৎৎ[email protected]