১০৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোহাম্মদ রবিউল্লাহ, বীর প্রতীকবুঝতে পারলেন তিনি তাড়াতাড়ি মরছেন নাপাকিস্তানিদের সঙ্গে সম্মুখযুদ্ধ চলছে। ১৯৭১ সালের ৩১ জুলাই সকালে। মোহাম্মদ রবিউল্লাহ তাঁর কোম্পানির অধিনায়কের কাছাকাছিই ছিলেন। হঠাৎ পাকিস্তানিদের গুলিতে অধিনায়ক আহত হলেন। গুলি লেগে অধিনায়কের হাতে থাকা স্টেনগান ও ওয়্যারলেস দূরে ছিটকে পড়ল। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন। রবিউল্লাহর চোখের সামনেই ঘটল ঘটনাটা। অধিনায়ক তাঁকে বললেন স্টেনগান ও ওয়্যারলেস উদ্ধার করে পেছনে যেতে। যুদ্ধের ময়দানটা দুই পক্ষের লাশে লাশে ভরে গেছে। তিনি গুলি-বৃষ্টির মধ্যেই অধিনায়কের স্টেনগান, ওয়্যারলেস ও শহীদ এক সহযোদ্ধার লাশ নিয়ে ক্রলিং করে পেছনে যাচ্ছেন। হঠাৎ তাঁর মনে হলো, আহত অধিনায়ককে বাঁচতে তাঁর সাহায্য করা প্রয়োজন। গ্রেনেড হাতে নিয়ে আবার ছুটলেন সেদিকে। এবার দৌড়েই গেলেন। কিন্তু গিয়ে দেখেন, তাঁর অধিনায়ক সেখানে নেই। ঠিক তখনই রবিউল্লাহ নিজেও গুলিবিদ্ধ হলেন। মুখ থুবড়ে পড়ে গেলেন। বুকে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে গেল। মিনিটও যায়নি, আরেকটি গুলি লাগল তলপেটের নিচে। তিনি যে স্থানে গুলিবিদ্ধ হয়েছেন, সে স্থানটা তাঁর সহযোদ্ধাদের রক্তে আগে থেকেই রঞ্জিত ছিল। তাঁর বুক ও তলপেট থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে সেখানকার কাদাময় পানি আরও লাল হলো। তিনি কোনোরকমে উঠে গুলির মধ্যেই পেছনে যেতে থাকলেন। বৃষ্টির মতো গুলি হচ্ছে। কিন্তু আশ্চর্য, আর কোনো গুলি লাগল না। টেনেহিঁচড়ে, অন্যের সাহায্য ছাড়াই গেলেন দূরে একটি খেতে। বুঝতে পারলেন, তাড়াতাড়ি তিনি মরছেন না। কিন্তু তাঁর শরীর দুর্বল হয়ে পড়ছে। খেতের পানির মধ্যে শুয়ে আছেন—এমন সময় দেখেন, তিন পাকিস্তানি সেনা তাঁর দিকে এগিয়ে আসছে। তিনি কলেমা পড়ে গ্রেনেড হাতে লড়াই করে মরার সংকল্প নিলেন। পাকিস্তানিরা অবশ্য তাঁর কাছে আসেনি। তাঁকে মৃত ভেবে দূর থেকেই চলে যায়। এরপর তিনি উঠে দৌড় দেন। তখন তিনি এত শক্তি কোথা থেকে পেলেন, আজও ভেবে পান না। পরের ঘটনা তাঁর আর মনে পড়ে না। তা কিছুটা ধোঁয়াটে। সহযোদ্ধারা তাঁকে উদ্ধার করে গুয়াহাটি হাসপাতালে পাঠান। সেখানে তাঁর চিকিৎসা হয়।জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর বিওপিতে হয় এই যুদ্ধ। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি ছিল। জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের (তিনি তখন কিছুদিনের জন্য ১১ নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন) নির্দেশে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেখানে আক্রমণ করে। তাঁদের সঙ্গে ছিল গণবাহিনীর একদল স্বল্প প্রশিক্ষিত যোদ্ধা। রবিউল্লাহ ছিলেন প্রথম ইস্টবেঙ্গলের ব্রাভো কোম্পানিতে। তাঁর অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন হাফিজউদ্দিন (বীর বিক্রম, পরে মেজর)। ৩০ জুলাই রাতের বেলা সেখানে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে মুক্তিযোদ্ধাদের অ্যাসল্ট ফরমেশন তৈরিতে দেরি হয়। অন্যদিকে ভারত থেকে ছোড়া কামানের গোলা ভুলক্রমে তাঁদের ওপরেই পড়ে। সব মিলিয়ে সেদিন কিছুটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। তার পরও মনের জোর ও অদম্য সাহসে ভর করে তাঁরা সেদিন কামালপুরে আক্রমণ করেন।মোহাম্মদ রবিউল্লাহ ১৯৭১ সালে যশোর সেনানিবাসে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ২৫ মার্চের পর তাঁরা আক্রান্ত হন। তখন তাঁরা সেনানিবাস থেকে পালিয়ে যশোরের চৌগাছায় সমবেত হন। সীমান্ত এলাকায় থাকার সময় এপ্রিলের শেষ দিকে বেনাপোলে যুদ্ধ করেন। এরপর তাঁদের ভারতের তেলঢালায় পাঠানো হয়। তিনি পরে সুস্থ হয়ে সিলেট এলাকায় যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোহাম্মদ রবিউল্লাহ বীর প্রতীক খেতাব পেয়েছেন।মোহাম্মদ রবিউল্লাহর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় ধুশিয়া গ্রামে। তিনি বর্তমানে সেখানেই বসবাস করছেন। তবে এখন প্রায়ই অসুস্থ থাকেন। তাঁর বাবার নাম জাফর আলী, মা দুধবরেন্নেছা। স্ত্রী রাজিয়া বেগম। তাঁদের ছয় ছেলে ও তিন মেয়ে।মোহাম্মদ রবিউল্লাহ বললেন, ‘জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করার পর স্বাধীন দেশে এমন ধ্বংসাত্মক রাজনীতি দেখতে হবে, কল্পনা করিনি। দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি।’সূত্র: মোহাম্মদ রবিউল্লাহ বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি আমিনুল হক ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: তারা রহমান[email protected]