তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ সাহাব উদ্দিনবীর প্রতীকমুন্সিরহাটের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করেন তিনিমুন্সিরহাটে ছিল মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থান। ফেনী জেলার ফুলগাজী উপজেলার অন্তর্গত মুন্সিরহাট। ১৯৭১ সালের ১০ জুন পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল সেদিকে অগ্রসর হয়। পথে বাদুয়ায় ছিল একটি সেতু। সেই সেতু মুক্তিযোদ্ধারা ভেঙে দিয়েছিলেন। এর অদূরেই ছিল মুক্তিবাহিনীর অগ্রবর্তী দলের অবস্থান। এই দলে ছিলেন সাহাব উদ্দিন। সেদিন পাকিস্তানি সেনারা ভাঙা সেতু পার হওয়ার জন্য এর ওপর বাঁশের সেতু তৈরি করছিল। এ সময় মুক্তিযোদ্ধারা নিজেদের উপস্থিতি পাকিস্তানিদের বুঝতে না দিয়ে লুকিয়ে থাকেন। পাকিস্তানি সেনারা সেই সেতু পার হতে শুরু করেছে—ঠিক তখনই একসঙ্গে গর্জে উঠল তাঁদের অস্ত্রগুলো। পাকিস্তানি সেনা যারা প্রথমে সেতু পার হচ্ছিল, তারা সবাই গুলি খেয়ে পানিতে পড়ে যায়। মুক্তিযোদ্ধাদের আকস্মিক এই আক্রমণে পাকিস্তানিরা একদম হতভম্ব হয়ে পড়ে। তারা পিছু হটে যায়। হতাহত হয় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা।কিছুক্ষণ পর পাকিস্তানি সেনারা হতবিহ্বল অবস্থা কাটিয়ে মুক্তিযোদ্ধাদের অবস্থানে আবার প্রবলভাবে আক্রমণ করে। এবার তারা সংখ্যায় ছিল অনেক। সাহাব উদ্দিন ও তাঁর সহযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি আক্রমণ প্রতিহত করতে থাকেন। পাকিস্তানিরা বৃষ্টির মতো তাঁদের অবস্থানে কামানের গোলাবর্ষণ শুরু করে। তখন মুক্তিযোদ্ধাদের সেখানে অবস্থান করা দুঃসাধ্য হয়ে পড়ে। এ অবস্থায় তাঁরা মূল ঘাঁটিতে পশ্চাদপসরণ করেন। পাকিস্তানি সেনারা দ্রুতগতিতে সামনে এগিয়ে মুক্তিবাহিনীর মূল ঘাঁটিতে আক্রমণ করে। তখন শুরু হয় তুমুল যুদ্ধ। কয়েক ঘণ্টা ধরে যুদ্ধ চলে। মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ প্রতিরোধে পাকিস্তানি সেনারা পিছে হটতে বাধ্য হয়। সেদিন মুক্তিবাহিনীর মাইনের ফাঁদে পড়ে ও গুলিবিদ্ধ হয়ে শতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়। নিহত বেশির ভাগ পাকিস্তানির লাশই মুক্তিবাহিনী উদ্ধার করেন। এই যুদ্ধের সাড়ে তিন মাস পর ফুলগাজীর করৈয়া-কালিকাপুর এলাকায় সাহাব উদ্দিন শহীদ হন। সে সময় তিনি সেখানে এক প্রতিরক্ষা অবস্থানে ছিলেন। তাঁদের অবস্থানের সামনেই ছিল পাকিস্তানি সেনাদের অবস্থান। দুই পক্ষেই তখন নিয়মিত গোলাগুলি বিনিময় হতো। ৩০ সেপ্টেম্বরও দুই পক্ষে গোলাগুলি চলছিল। এ দিন হঠাৎ পাকিস্তানি সেনাদের গুলিতে সাহাব উদ্দিন শহীদ হন। এরপর তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে মুক্তাঞ্চল মনতলায় সমাহিত করা হয়। স্বাধীনতার পর তাঁর কবরে নামফলক লাগানো হয়। সেই নামফলক এখনো আছে। তবে কবরটি অরক্ষিত।শহীদ সাহাব উদ্দিন পাকিস্তানি সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ছিলেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চট্টগ্রাম সেনানিবাসে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সেখান থেকে পালিয়ে নিজ এলাকায় এসে যুদ্ধে যোগ দেন। ২ নম্বর সেক্টরের রাজনগর সাব-সেক্টরে যুদ্ধ করেন। তিনি মুন্সিরহাট, করৈয়া-কালিকাপুর ছাড়াও ফুলগাজী, সালধর, চিথলিয়াসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধে অংশ নিয়েছেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ সাহাব উদ্দিনকে মরণোত্তর বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে।শহীদ সাহাব উদ্দিনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর বাবার নাম আলী নেওয়াজ মজুমদার। মা ছাবেদা খাতুন।শহীদ সাহাব উদ্দিন বীর প্রতীকের বড় ভাই আবদুল হক মজুমদার বলেন, স্বাধীনতার পর একবার তাঁর বাবাকে আর্থিক সাহায্য দেওয়া হয়। পরে আর কোনো সাহায্য বা ভাতা দেওয়া হয়নি। মাঝেমধ্যে দু-একটি অনুষ্ঠানের দাওয়াত পান তাঁরা। শহীদ সাহাব উদ্দিনের ছবিও তাঁদের কাছে নেই।সূত্র: প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২গ্রন্থনা: তারা রহমান[email protected]