তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল হাই সরকার, বীর প্রতীকসেনাবাহী ট্রেন ধ্বংসে নেতৃত্ব দেন তিনি১৯৭১ সালের নভেম্বরের মাঝামাঝি কুড়িগ্রাম জেলার উলিপুরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর পাকিস্তানি সেনারা আশপাশের প্রায় ৭০০ নিরীহ গ্রামবাসীকে ধরে এনে নিষ্ঠুরভাবে হত্যা করে। এর প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিলেন মুক্তিবাহিনীর সাহেবগঞ্জ সাব-সেক্টরের হাই ও নজরুল কোম্পানির মুক্তিযোদ্ধারা। হাই কোম্পানির অধিনায়ক ছিলেন আবদুল হাই সরকার। তাঁরা সিদ্ধান্ত নিলেন কুড়িগ্রাম-চিলমারী রেললাইনের উলিপুর অংশের হালাবটগাছে অ্যান্টিট্যাংক মাইন পুঁতে পাকিস্তানি সেনা ও রসদবাহী ট্রেন অ্যাম্বুশ করার। এ জন্য তাঁরা সাব-সেক্টর হেডকোয়ার্টার থেকে অ্যান্টিট্যাংক মাইন সংগ্রহ করেন।কয়েক দিন পর মুক্তিযোদ্ধারা জানতে পারেন, পাকিস্তানি সেনা ও রসদবাহী ট্রেন ২৭ নভেম্বর (মতান্তরে ২০ নভেম্বর) কুড়িগ্রাম থেকে উলিপুর আসবে। এ খবর পেয়ে ২৬ নভেম্বর ভোররাতে আবদুল হাই সরকার তাঁর কোম্পানির মুক্তিযোদ্ধা ও নজরুল কোম্পানির সেকশন কমান্ডার জসিমের অধীনস্থ মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি হালাবটগাছে যান। সেখানে ছিল এক বটগাছ। আশপাশে তখন তেমন কোনো জনবসতি ছিল না। তাঁরা সেখানে রেললাইনের স্লিপারের নিচে অ্যান্টিট্যাংক মাইন পোঁতেন। মাইনে তার লাগিয়ে সেই তার প্রায় আড়াই শ গজ দূরে নেন। তারের শেষ প্রান্তে লাগান ডেটোনেটর। সেখানে ছিল ঝোপঝাড়। মুক্তিযোদ্ধারা তার ভেতর ওতপেতে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। সকাল আনুমানিক নয়টার দিকে কুড়িগ্রাম থেকে পাকিস্তানি সেনা ও রসদবাহী ট্রেন উলিপুরে আসছিল। ট্রেনের একদম সামনে মাটিভর্তি ওয়াগন। সেটি চিহ্নিত স্থান অতিক্রম করা মাত্র মুক্তিযোদ্ধারা ডেটোনেটরের মাধ্যমে মাইনগুলোর বিস্ফোরণ ঘটান। সঙ্গে সঙ্গে গোটা এলাকা গগনবিদারি শব্দে প্রকম্পিত হয়ে পড়ে। একটি বগি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে যায়। পেছনের বগিও উল্টে পড়ে। তাৎক্ষণিক নিহত হয় ১৪-১৫ জন পাকিস্তানি সেনা। বেঁচে যাওয়া পাকিস্তানিরা পজিশন নিয়ে গুলি করতে থাকে। এ সময় মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলোও একসঙ্গে গর্জে ওঠে। নতুন এই আক্রমণে তারা হতভম্ব হয়ে পড়ে। কিছুক্ষণ প্রতিরোধ চালিয়ে পাকিস্তানি সেনারা কুড়িগ্রামের দিকে পালিয়ে যায়। সেদিন মোট ১৯ জন পাকিস্তানি সেনা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়। অন্যদিকে মুক্তিবাহিনীর পথপ্রদর্শকসহ সাধারণ গ্রামবাসী আটজন শহীদ হন। মুক্তিযুদ্ধের ইতিহাসে হালাবটগাছ অপারেশন গৌরবোজ্জ্বল ঘটনা।আবদুল হাই সরকার ছিলেন একজন শ্রমিক। ১৯৭১ সালে পিটিসির (বর্তমানে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি—বিএটিসি) ঢাকার মহাখালী কারখানায় দিনভিত্তিক মজুরিতে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঢাকা থেকে পালিয়ে নিজ এলাকায় যান। পরে ভারতে গিয়ে মুক্তিবাহিনীতে নাম দেন। ট্রেনিং শেষে ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরের অধীন কুড়িগ্রাম এলাকায় যুদ্ধ করেন। তিনি হালাবটগাছের অপারেশনের আগে ও পরে মোগলবাসা, গড়াইহাট, বুড়াবুড়িসহ আরও কয়েক স্থানে গেরিলা অপারেশন করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল হাই সরকারকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে। আবদুল হাই সরকারের পৈতৃক বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙা গ্রামে। তিনি সেখানে বসবাস করেন না। বর্তমানে একই উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে বসবাস করেন। তাঁর বাবার নাম রমজান আলী সরকার। মা হাফেজা খাতুন। স্ত্রী গুলশান আরা। তাঁর সাত মেয়ে তিন ছেলে। স্বাধীনতার পর থেকে কুড়িগ্রাম গণপূর্ত বিভাগে তিনি চাকরি করতেন। ২০০২ সালে রাজনৈতিক কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। টাকা-পয়সার অভাবে ছেলেমেয়েদের লেখাপড়া এবং মেয়েদের বিয়ে দিতে পারছেন না।আবদুল হাই সরকার বলেন, ‘আমার একটাই চাওয়া, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক আর স্বাধীনতাবিরোধীদের বিচার হোক।’সূত্র: আবদুল হাই সরকার বীর প্রতীকের সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬। গ্রন্থনা: তারা রহমান[email protected]