তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. হায়দার আলী, বীর বিক্রমমেশিনগান পোস্ট ধ্বংস করেন তিনিশেষ রাত। অন্ধকারে খালি চোখে দূরে কিছু দেখা যায় না। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝেমধ্যে বাতাসে পাতার শব্দ। চারদিক নিস্তব্ধ। চা-বাগানের ভেতরে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। মো. হায়দার আলীসহ পরিশ্রান্ত মুক্তিযোদ্ধারা সেখানে ঘুমিয়ে আছেন। কয়েকজন সহযোদ্ধা সতর্ক প্রহরায়। এমন সময় গোলাগুলির শব্দে ভেঙে পড়ল রাতের নিস্তব্ধতা। মুক্তিযোদ্ধারা জেগে গেছেন। জানতে পারলেন, পাকিস্তানি সেনারা পেছন দিক থেকে তাঁদের ক্যাম্পে আক্রমণ করেছে। আকস্মিক এই আক্রমণে তাঁরা কিছুটা হতচকিত। কিন্তু আর ভাবার সময় নেই। যে যেভাবে পারলেন দ্রুত পজিশন নিয়ে পাকিস্তানি সেনাদের প্রতিরোধে গোলাগুলি শুরু করলেন। মুহূর্তেই শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। এ ঘটনা ১৯৭১ সালের, আগস্টের মাঝামাঝি, সিলেটের তেলিয়াপাড়ায় একটি চা-বাগানে। মো. হায়দার আলীসহ তাঁর সহযোদ্ধারা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেও ব্যর্থ হলেন। এক ঘণ্টার মধ্যেই তাঁদের ক্যাম্প পাকিস্তানি সেনারা দখল করে ফেলল। শহীদ হলেন তাঁর প্রায় ১৬ জন সহযোদ্ধা। মোবারক আলী (তাঁর বরিশাল বাড়ি) নামে এক সহযোদ্ধা তাঁর চোখের সামনেই শহীদ হলেন। ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য তাঁদেরকে অধিনায়ক পশ্চাদপসরণের নির্দেশ দিয়েছিলেন। সে সময় পাকিস্তানি সেনারা তাঁদের অবস্থানের ওপর বৃষ্টির মতো গোলাবর্ষণ করছিল। তাঁরা কভারিং ফায়ারের আড়ালে পেছনে যাচ্ছিলেন। কেউ ক্রলিং করে, কেউ মাথা নিচু করে দৌড়ে। সহযোদ্ধা মোবারক আলী দৌড়ে যাচ্ছেন, এমন সময় তাঁর পিঠের ওপর একটি গোলা এসে পড়ে। নিরাপদ স্থানে সমবেত হওয়ার পর অধিনায়ক তাঁদের যেকোনো মূল্যে ওই ক্যাম্প দখল করতে বলেন। পরদিন মো. হায়দার আলীরা নতুন করে শক্তি সঞ্চয় করে পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। ভোর চারটায় তাঁরা পাকিস্তানি সেনাদের আক্রমণ করলে শুরু হয় তুমুল যুদ্ধ। পাকিস্তানি সেনারাও তীব্রভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। একটি টিলার ওপর ছিল পাকিস্তানি সেনাদের মেশিনগান পোস্ট। তারা সেখান থেকে বৃষ্টির মতো গুলি করছিল। এর জন্য মুক্তিযোদ্ধারা সামনে এগোতে পারছিলেন না। তখন মো. হায়দার আলী মৃত্যুভয় ঝেরে ফেলে পাহাড়ি নালার মধ্য দিয়ে ক্রলিং করে একাই এগিয়ে যান সেদিকে। পাকিস্তানি সেনাদের চোখ ফাঁকি দিয়ে তিনি সেই মেশিনগান পোস্টে দুটি গ্রেনেড চার্জ করেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সেখান থেকে গুলি বন্ধ হয়ে গেল। শুধু আর্তনাদের শব্দ ভেসে আসছিল। পরে সেই আর্তনাদের শব্দও আর শোনা যাচ্ছিল না। তখন হায়দার আলী ক্রলিং করে কাছে গিয়ে দেখেন, চার পাকিস্তানি সেনা আহত অবস্থায় পড়ে আছে। তিনি এসএমজি ব্রাশফায়ারে তাদের হত্যা করেন। মেশিনগান পোস্ট ধ্বংস হওয়ার পর পাকিস্তানি সেনারা সেখান থেকে পালিয়ে যায়। মো. হায়দার আলী ১৯৭১ সালে ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি) চাকরি করতেন। কর্মরত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা বিওপিতে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরে ভারতে যান। সেখানে তাঁকে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ৩ নম্বর সেক্টর ও এস ব্রিগেডের অধীনে বিভিন্ন স্থানে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. হায়দার আলী বীর বিক্রম খেতাবে ভূষিত হয়েছেন। মো. হায়দার আলীর পৈতৃক বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামে। তবে তিনি সেখানে থাকেন না। স্ত্রীকে নিয়ে বসবাস করেন তাঁর বড় মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি একই উপজেলার আটআনি বাজারের পাড়াটঙ্গি মহল্লায়। তাঁর বাবার নাম জবেদ আলী ফকির, মা হাজেরা খাতুন, স্ত্রী উম্মে কুলসুম। তাঁর দুই মেয়ে, এক ছেলে। স্বাধীনতার পর তিনি ১৯৯০ সাল পর্যন্ত বিডিআরে চাকরি করেন। মো. হায়দার আলী বলেন, ‘কোনো কিছু পাওয়ার আশায় যুদ্ধ করিনি। তার পরও সরকার আমাদের কিছু দেয়। কিন্তু সেটা কেউ পায়, কেউ পায় না।’ সূত্র: মো. হায়দার আলী বীর বিক্রমের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি মো. কামরুজ্জামান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩। গ্রন্থনা: তারা রহমান [email protected]