১১৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. ইদ্রিস, বীর প্রতীকচিথলিয়ায় যুদ্ধে আহত হনফেনী জেলার দুই থানা পরশুরাম ও ফুলগাজী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে এ দুই থানার বিভিন্ন স্থানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ঘাঁটি। অক্টোবর মাসের মাঝামাঝি থেকে মুক্তিবাহিনীর বিভিন্ন দল পাকিস্তানি সেনাবাহিনীর ঘাঁটিগুলোয় একের পর এক আক্রমণ শুরু করে। মুক্তিবাহিনীর একটি দলে ছিলেন মো. ইদ্রিস। মুক্তিবাহিনীর ত ৎ পরতা ব্যাপকভাবে বেড়ে গেলে পাকিস্তানি সেনাবাহিনী ২৭ অক্টোবর চিথলিয়ায় ব্যাপক সেনা সমাবেশ করে। তাদের লক্ষ্য ছিল মুক্তিবাহিনীর দলগুলো ধ্বংস করা। সন্ধ্যার দিকে গোলন্দাজ বাহিনীর সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনীর দুটি কোম্পানি মুক্তিবাহিনীর অগ্রবর্তী ঘাঁটি নিলক্ষ্মীর ওপর আক্রমণ চালায়। মো. ইদ্রিসসহ তাঁর সহযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করেন। কয়েক ঘণ্টা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেও পাকিস্তানিদের প্রচণ্ড আক্রমণে তাঁরা অবস্থান ধরে রাখতে ব্যর্থ হন। পাকিস্তানিরা তাঁদের ঘাঁটি দখল করে নেয়।মো. ইদ্রিস ও তাঁর সহযোদ্ধারা পরদিন সংগঠিত হয়ে পাকিস্তানিদের পাল্টা আক্রমণ করেন। মুক্তিবাহিনী এবার সংখ্যায় তিন কোম্পানি। গোলন্দাজ বাহিনীর সহায়তাও তাঁরা পান। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা যুদ্ধ চলে। মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণে পাকিস্তানি সেনারা মুক্তিবাহিনীর নিলক্ষ্মী ঘাঁটি পরিত্যাগ করে পিছু হটে যায়। মো. ইদ্রিসরা নিলক্ষ্মী ঘাঁটি দখলের পর তাঁদের প্রতিরক্ষাব্যূহ গাবতলী ও মালিবিল পর্যন্ত সম্প্রসারিত করেন। পরদিন সন্ধ্যায় তাঁদের একটি দল ফেনী-বিলোনিয়া পথের এক জায়গায় অ্যামবুশ পেতে বসে থাকে। পাকিস্তানি সেনাদের একটি দল বিলোনিয়া যাওয়ার পথে সেই অ্যামবুশে পড়ে। আক্রমণে ১৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়। মুক্তিযোদ্ধারা দুজন পাকিস্তানি সেনাকে জীবিত অবস্থায় বন্দী এবং অনেক অস্ত্রশস্ত্র হস্তগত করেন। পাকিস্তানি সেনারা নিলক্ষ্মী ও অ্যামবুশে পর্যুদস্ত হওয়ার পর ২৯ অক্টোবর ভোর থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর আবার পাল্টা আক্রমণ করে। এবার তারা আক্রমণ পরিচালনা করে শালধর, নয়াপুর ও ফুলগাজীর দিক থেকে। পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা অবস্থানের ওপর কামানের ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। মুক্তিবাহিনীর কামানগুলোও পাল্টা গোলাবর্ষণ করতে থাকে। এ সময় শালধর, নয়াপুর ও ফুলগাজীতে ভয়াবহ যুদ্ধ হয়। মো. ইদ্রিস ও তাঁর দল শালধরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। অন্যান্য স্থানের মুক্তিযোদ্ধারাও সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ শুরু করলে পাকিস্তানি সেনারা বিপর্যস্থ হয়ে পড়ে। দুপুরের পর থেকে তারা পালাতে শুরু করে। সেদিন যুদ্ধে প্রায় ৪০ জন পাকিস্তানি সেনা নিহত ও অসংখ্য আহত হয়। মুক্তিবাহিনীর দুজন শহীদ ও কয়েকজন আহত হন।মো. ইদ্রিস কর্মরত ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১ সালের মার্চে তিনি ছুটিতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রতিরোধ-যুদ্ধে যোগ দেন। পরে ২ নম্বর সেক্টরের রাজনগর সাব-সেক্টরে যুদ্ধ করেন। চিথলিয়ার যুদ্ধে তিনি আহত হন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের মো. ইদ্রিস বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন।মো. ইদ্রিসের বাড়ি ফেনী জেলার সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামে। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি চাকরি করেন। ২০০৩ সালে মারা যান। চাকরি থেকে অবসর নিয়ে মধ্যম ধলিয়া গ্রামেই তিনি বসবাস করতেন। তাঁর বাবার নাম সোনা মিয়া, মা আমেনা খাতুন। স্ত্রী সাফিয়া খাতুন। তাঁর তিন ছেলে ও চার মেয়ে।সূত্র: প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে আমাদের জানান। ধারাবাহিক এ প্রতিবেদন নিয়ে কোনো মতামত থাকলে আমাদের কাছে পাঠান।গ্রন্থনা: তারা রহমান [email protected]