১১৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. হেলালুজ্জামান, বীর প্রতীকমৃত্যু নিশ্চিত জেনেও সম্মুখযুদ্ধ করেনমো. হেলালুজ্জামান ১৯৭১ সালে পাকিস্তান বিমানবাহিনীর পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) কমান্ডের সদর দপ্তরে প্রকৌশল শাখায় কর্মরত ছিলেন। মার্চের প্রথম দিকে তিনিসহ কয়েকজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ শোনার জন্য কর্মস্থলে প্রচারণা চালান। এ জন্য পাকিস্তানি সেনাবাহিনী তাঁদের কালো তালিকাভুক্ত করে। বিষয়টি জানতে পেরে তিনি কর্মস্থল থেকে পালিয়ে যান। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। ২৫ মার্চ রাতে তিনি নারায়ণগঞ্জে ছিলেন। পরে সেখান থেকে পালিয়ে নিজ এলাকা নেত্রকোনা হয়ে ভারতের মেঘালয় রাজ্যের মহেষখোলায় যান। সেখানে কিছুদিন পর মুক্তিবাহিনীর কার্যক্রম শুরু হলে তিনি এতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ১১ নম্বর সেক্টরের মহেন্দ্রগঞ্জ সাব সেক্টরে যুদ্ধ করেন।মহেন্দ্রগঞ্জ সাব-সেক্টরের আওতায় ছিল জামালপুর জেলা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জামালপুরের কামালপুর। সেখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর বড় একটি ঘাঁটি। এখানে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর বেশ কয়েকবার যুদ্ধ হয়। সেক্টর কমান্ডার আবু তাহেরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল ১৫ আগস্ট ভোরে কামালপুরে পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ করে। মো. হেলালুজ্জামান ছিলেন একটি দলের নেতৃত্বে। তাঁদের কাছে অস্ত্র বলতে ছিল এসএমজি, স্টেনগান ও রাইফেল। যথাসময়ে তাঁরা আক্রমণ শুরু করেন। মো. হেলালুজ্জামানের ওপর দায়িত্ব ছিল পাকিস্তান বাহিনীর পাঁচ নম্বর বাংকারে আক্রমণ করার। এই বাংকার ছিল সবচেয়ে বিপজ্জনক অবস্থানে। হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণের পর তাঁদের সবার সেখান থেকে সরে পড়ার কথা ছিল। অন্যান্য দল নিরাপদে পেছনে সরে গেলেও তাঁরা পাকিস্তান বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে যান। সে সময় মৃত্যু নিশ্চিত জেনেও তাঁরা পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধ করেন। এ সময় তুমুল যুদ্ধ হয়। তাঁরা আত্মরক্ষার জন্য পাকিস্তানিদের ওপর একের পর এক বেশ কিছু গ্রেনেড ছোড়েন। গ্রেনেড বিস্ফোরণে বেশ কজন পাকিস্তানি সেনা হতাহত হয়। একপর্যায়ে মুক্তিবাহিনীর অন্যান্য দল এগিয়ে এসে পাল্টা আক্রমণ করলে পাকিস্তানি সেনারা পিছু হটে তাদের মূল ঘাঁটিতে আশ্রয় নেয়। সেদিন যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ১৫-১৬ জন নিহত হয়। মুক্তিবাহিনীর কয়েকজন আহত হন।মো. হেলালুজ্জামান পরবর্তী সময়ে আরও কয়েকটি অপারেশনে অংশ নেন। ১৪-১৫ নভেম্বর কামালপুরে সেক্টর কমান্ডার আবু তাহেরের নেতৃত্বে কামালপুরে এক বড় যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে তিনি ছিলেন একটি দলের নেতৃত্বে। সেদিন বিজয়ের দ্বারপ্রান্তে গিয়েও তাঁরা ব্যর্থ হন। ১৫ নভেম্বর সকালে বিজয় সন্নিকটে ভেবে সেক্টর কমান্ডার আবু তাহের নিরাপদ অবস্থান ছেড়ে যুদ্ধক্ষেত্রের ভেতরে চলে আসেন। তারপর তিনি নিজেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধ পরিচালনা করছিলেন। সে সময় মো. হেলালুজ্জামান তাঁর কাছেই ছিলেন। সকাল নয়টার দিকে হঠাৎ পাকিস্তানিদের ছোড়া একটি শেল সেখানে এসে পড়ে বিস্ফোরিত হয়। শেলের একটি টুকরো আবু তাহেরের একটি পায়ে আঘাত করে। তাঁর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব বিশেষত, কামালপুরের যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মো. হেলালুজ্জামানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।মো. হেলালুজ্জামানের পৈতৃক বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলার সুখারী ইউনিয়নের দেবশ্রী গ্রামে। তবে তিনি সেখানে বসবাস করেন না। বর্তমানে বসবাস করেন নেত্রকোনা শহরের কুড়পাড়ে কাইলাটি সড়কে। তাঁর বাবার নাম আবদুল গফুর। মা হালিমা আক্তার খাতুন। স্ত্রী হামিদা আক্তার। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে।মো. হেলালুজ্জামান বলেন, ‘মুক্তিযুদ্ধ আমার জীবনের শ্রেষ্ঠ সময়। স্বাধীনতার ৪০ বছর পরও হতাশা ও অন্ধকার আমাদের সব চেতনাকে বিকল করে রেখেছে।’সূত্র: মো. হেলালুজ্জামান বীর প্রতীকের সাক্ষাৎ কার; নিয়েছেন প্রথম আলোর পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি মো. গোলাম মোস্তফা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: তারা রহমান[email protected]