১২০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শাফায়াত জামিল, বীর বিক্রমবীর নাহি ডরে সম্মুখসমরে১৯৭১ সালের ২৬ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর ৫/৫ গোর্খা রেজিমেন্টের তিনটি কোম্পানি সিলেটের রাধানগরে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানে আক্রমণ করে। কিন্তু তাদের সেই আক্রমণ ব্যর্থতায় পর্যবসিত হয়। পাকিস্তানিদের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে তারা রণে ভঙ্গ দিতে বাধ্য হয়। তাঁদের একজন কোম্পানি অধিনায়কসহ দেড় শতাধিক নিহত ও শতাধিক আহত হন। এরপর মিত্রবাহিনীর জেনারেল গিল নিয়মিত মুক্তিবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক শাফায়াত জামিলের ওপর দায়িত্ব দিলেন সিলেটের রাধানগর এলাকার ছোটখেল মুক্ত করার। শাফায়াত জামিল সিদ্ধান্ত নিলেন, তিনি নিজেই ওই যুদ্ধে নেতৃত্ব দেবেন। প্রথাগত সামরিক যুদ্ধে এক কোম্পানি বা তার কম সেনা থাকলে ব্যাটালিয়ন অধিনায়ক সাধারণত যুদ্ধের ময়দানে যান না। কয়েকজন তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করলেন। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকলেন।যোদ্ধা হিসেবে গোর্খাদের সুনাম পৃথিবীব্যাপী। ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট যা পারেনি, তা বাঙালি মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে সম্ভব করেন। অকৃত্রিম দেশপ্রেম, মমত্ব ও দেশকে শত্রুমুক্ত করার দৃঢ় সংকল্প এবং অন্যদিকে শাফায়াত জামিলের অদম্য ও অটল মনোভাব সেদিন মুক্তিযোদ্ধাদের সাহসী যোদ্ধায় রূপান্তর করেছিল।২৭ নভেম্বর গভীর রাতে শুরু হলো সেই ঐতিহাসিক অভিযান। ধানখেতের মধ্য দিয়ে প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধা এগিয়ে চললেন পাকিস্তানি সেনাদের অবস্থানের দিকে। সবার সামনে শাফায়াত জামিল ও কোম্পানি অধিনায়ক এস আই নূরুন্নবী খান। সমরে জয় অথবা মৃত্যু, সম্মুখযুদ্ধে যোদ্ধাদের যেকোনো একটি বেছে নিতে হয়। শাফায়াত জামিলের প্রত্যয় তা-ই। পাকিস্তানি সেনাদের অবস্থানের কাছাকাছি গিয়ে তিনি অগ্রসর হলেন বাঁ দিক থেকে এবং এস আই নূরুন্নবী ডান দিক দিয়ে। ক্ষিপ্রতার সঙ্গে গুলি করতে করতে তাঁরা পাকিস্তানি সেনাদের বিভিন্ন বাংকারের দিকে এগিয়ে চললেন। কয়েকটি বাংকারে হাতাহাতি যুদ্ধ হলো। তাঁরা তখন অজেয়, অপ্রতিরোধ্য। প্রচণ্ড আক্রমণের তীব্রতায় কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানি সেনারা সেখান থেকে পালিয়ে গেল। মাত্র ২০ মিনিটের মধ্যেই ছোটখেল মুক্তিযোদ্ধাদের দখলে চলে এল। নিহত হলো অসংখ্য পাকিস্তানি সেনা। কয়েকজন তাঁদের হাতে ধরা পড়ল। তখনো আশপাশে বিক্ষিপ্ত গোলাগুলি চলছে। চারদিকে মৃত পাকিস্তানি সেনাদের লাশ, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ভোরের আলোয় শাফায়াত জামিল তদারক করছেন অবস্থান সুদৃঢ় করার কাজ। এমন সময় তাঁর ডান কোমরে গুলি লাগে। ছিটকে পড়েন তিনি, গুরুতর আহত হন। সহযোদ্ধারা তাঁকে ফিল্ড হাসপাতালে পাঠান।শাফায়াত জামিল চতুর্থ বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। এই রেজিমেন্টের অবস্থান ছিল কুমিল্লা সেনানিবাসে। সম্ভাব্য ভারতীয় আগ্রাসনের কথা বলে পাকিস্তানি সেনারা এই রেজিমেন্টের দুটি কোম্পানিকে ১৯৭১ সালের ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় পাঠায়। একটি কোম্পানির নেতৃত্বে ছিলেন তিনি। ২৬ মার্চ পাকিস্তানি সেনাদের আক্রমণের সংবাদ পেয়ে তিনি তাঁর ও অপর কোম্পানির সবাইকে নিয়ে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। প্রতিরোধপর্বে আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া-গঙ্গাসাগর এলাকায় যুদ্ধ করেন। এরপর ভারতের ত্রিপুরা রাজ্যের মতিনগরে যান। পরে তাঁকে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি দেওয়ানগঞ্জ, সিলেটের ছাতকসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শাফায়াত জামিলকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।শাফায়াত জামিলের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার খড়গমারা গ্রামে। তিনি সেখানে বসবাস করেন না। বর্তমানে ঢাকার উত্তরায় ৪ নম্বর সেক্টরের ১৪ সি সড়কে বসবাস করেন। তাঁর বাবার নাম এ এইচ এম করিমউল্লাহ। মা লায়লা জোহরা বেগম, স্ত্রী রাশিদা শাফায়াত। তাঁদের তিন ছেলে।শাফায়াত জামিল বলেন, ‘আমরা দেশ স্বাধীন করেছি। প্রকৃত রাষ্ট্রের যে ধারণা, তা এখনো অর্জন করা হয়নি। পরবর্তী প্রজন্ম তা করবে।’সূত্র: শাফায়াত জামিল বীর বিক্রমের সাক্ষাৎকার, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস এবং জীবনের যুদ্ধ, যুদ্ধের জীবন, (কর্নেল) নূরুন্নবী খান।গ্রন্থনা: তারা রহমান[email protected]