তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. সাইফউদ্দীন, বীর প্রতীককামানের গোলায় ছিন্নভিন্ন শত্রুসেনা১৯৭১ সালের অক্টোবর মাসের মাঝামাঝি নিয়মিত মুক্তিবাহিনীর ৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের একাংশ দক্ষিণগুল চা-বাগানের পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে আক্রমণ করে। এ সময় তাঁদের ভারতীয় আর্টিলারির পরিবর্তে মুক্তিবাহিনীর নিজস্ব আর্টিলারি সহায়তা করে। এই আর্টিলারির একজন সদস্য ছিলেন মো. সাইফউদ্দীন। তাঁদের কার্যকর সহায়তায় মুক্তিযোদ্ধারা দক্ষিণগুল থেকে পাকিস্তানিদের তাড়িয়ে দিতে সক্ষম হন। আর্টিলারির সাফল্যজনক ব্যবহার এই জয়ে অনেকাংশে সাহায্য করে। দক্ষিণগুল চা-বাগান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। ভারত-বাংলাদেশ সীমান্তে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী সেখানে ঘাঁটি করে। এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ২২ বালুচ রেজিমেন্টের একাংশ।মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর নিজস্ব আর্টিলারি গঠন ও ব্যবহার একটি ঐতিহাসিক ঘটনা। প্রশিক্ষণ শেষে এই ইউনিট প্রথম অপারেশন করে দক্ষিণগুলে। পরে এই ইউনিটের ‘রওশনআরা ব্যাটারি’ নামকরণ করা হয়। এই ইউনিটের কাছে ছিল ছয়টি ১০৫ মিলিলিটার কামান। এই অপারেশনের আগে বড়লেখার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর আর্টিলারি ইউনিট কামান নিয়ে অবস্থান নেয়। একটি কামান থেকে গোলা ছোড়ার দায়িত্বে ছিলেন মো. সাইফউদ্দীন। দক্ষিণগুলে মুক্তিবাহিনীর ৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের একদল সেনা পাকিস্তান সেনাবাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে যায়। তখন ওয়্যারলেসে তাঁদের বলা হয় পাকিস্তানি অবস্থানের ওপর গোলাবর্ষণের জন্য। ছয়টি কামানের মধ্যে কেবল মো. সাইফউদ্দীনের কাছে থাকা কামানটিই ছিল পাকিস্তানি অবস্থানের আওতায়। নির্দেশ পেয়ে তিনি অনেক উৎকণ্ঠা ও উদ্বেগের সঙ্গে কামানের গোলা ছোড়েন। এটিই ছিল তাঁর জীবনের প্রথম কামানের গোলা দিয়ে আক্রমণ। তাঁর উৎকণ্ঠা ছিল কামান থেকে সঠিকভাবে গোলা নিক্ষিপ্ত হবে কি না। সকাল সাড়ে ১০টার দিকে তিনি তাঁর সহযোগীদের গোলা ছোড়ার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে কামান থেকে গোলা উৎক্ষিপ্ত হয়। এরপর ওই কামান থেকে আরও কয়েকটি গোলা ছোড়া হয়। পরে তাঁদের জানানো হয়, সঠিক স্থানে গোলা পড়েছে এবং নিক্ষিপ্ত গোলায় অসংখ্য পাকিস্তানি সেনা হতাহত ও ছিন্নভিন্ন হয়েছে। পরে তাঁরা সিলেট অভিমুখে রওনা দেন। ৭ ডিসেম্বর সিলেটের কাছাকাছি পৌঁছে সিলেট শহরের দিকে কামান তাক করে মো.সাইফউদ্দীনরা গোলাবর্ষণ করেন।মো. সাইফউদ্দীন পাকিস্তান সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিটে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ৩১ জানুয়ারি থেকে ছুটিতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনি আহত হন। সুস্থ হয়ে জুন মাসের শেষে ভারতে যান। ৪ নম্বর সেক্টরের কুকিতল সাব-সেক্টরে যাওয়ার পর তাঁকে মুক্তিবাহিনীর আর্টিলারি ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. সাইফউদ্দীনকে বীর প্রতীক পদকে ভূষিত করা হয়েছে।মো. সাইফউদ্দীনের পৈতৃক বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাইথন ইউনিয়নের দেউলপাড়া গ্রামে। বর্তমানে তিনি এখানেই বসবাস করেন। তাঁর বাবার নাম মফিজউদ্দীন। মা আজিমুন নেছা। স্ত্রী আনোয়ারা বেগম। তাঁদের ছয় ছেলে ও দুই মেয়ে।মো. সাইফউদ্দীন বলেন, যখন যে দল ক্ষমতায় আসে তারা নিজেদের দল ভারী করার জন্য অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করে। এ জন্য মুক্তিযোদ্ধা পরিচয় দিতে কষ্ট হয়, লজ্জা লাগে। এসব কারণেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়।সূত্র: মো. সাইফউদ্দীন বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি মো. কামরুজ্জামান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।সংশোধনী: ২৬ জুলাই ২০১১ (মঙ্গলবার) প্রকাশিত প্রতিবেদনের (মো. হেলালুজ্জামান, বীর প্রতীক) দ্বিতীয় অনুচ্ছেদের দশম ও একাদশ লাইনে আছে ‘সেক্টর কমান্ডার আবু তাহেরের নেতৃত্বে...’। তা পড়তে হবে ‘সাব-সেক্টর কমান্ডারের নির্দেশে...’। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য দুঃখিত। গ্রন্থনা: তারা রহমান[email protected]