তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এ এম মো. ইসহাক, বীর প্রতীকঅস্ত্র-গোলাবারুদ-রসদ সরবরাহ করতেন তিনিএ এম মো. ইসহাক ১৯৭১ সালে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। মার্চের উত্তাল সময়ে চাকরির মায়া ত্যাগ করে নিজ এলাকা আখাউড়ায় এসে যুব-তরুণদের সংগঠিত করে স্বাধীনতার পক্ষে তাদের উদ্বুদ্ধ করতে থাকেন। কয়েক দিন পর শুরু হলো মুক্তিযুদ্ধ। তখন সংগঠিত যুব-তরুণদের নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। আখাউড়ার পাশে তিতাস নদের অপর পাড়ে ছিল ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) ক্যাম্প। অস্ত্র সংগ্রহের জন্য তাঁরা সেখানে যান। সেখানে ছিল বেশ কজন অবাঙালি ইপিআর। তারা তাঁদের ওপর গুলি ছোড়ে। স্থানীয় স্বেচ্ছাসেবক কয়েকজনের কাছে হালকা অস্ত্র ছিল। তাঁরা পাল্টা গুলি করেন। সারা রাত সেখানে থেমে থেমে যুদ্ধ হয়। সকালে ওই ক্যাম্প তাঁরা দখল করেন। তাঁদের হাতে আসে বেশ কিছু অস্ত্র ও গুলি। সেগুলো তিনি স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বিতরণ করেন। পরে পাকিস্তান সেনাবাহিনী আখাউড়া দখল করলে তিনি স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে ভারতে আশ্রয় নেন। এর আগে তাঁর নেতৃত্বে স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা আখাউড়ার খাদ্যগুদাম ও রেলওয়ে জংশনে থাকা ওয়াগন থেকে প্রায় দেড় হাজার মণ চাল সংগ্রহ করে ভারতে নেন। এ চাল রান্না করে তিনি নিয়মিত ও অনিয়মিত প্রতিরোধ যোদ্ধাদের খাওয়ানোর ব্যবস্থা করেন।পরে বাংলাদেশ ও ভারত সরকারের উদ্যোগে সশস্ত্র মুক্তিযুদ্ধের কার্যক্রম পুনর্গঠিত হলে এ এম মো. ইসহাক মুক্তিবাহিনীর সহায়ক বিভাগে অন্তর্ভুক্ত হন। তাঁর ওপর দায়িত্ব পড়ে মুক্তিবাহিনীর ২ ও ৩ নম্বর সেক্টরের কয়েকটি সাব-সেক্টরে অস্ত্র, গোলাবারুদ, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় রসদ সরবরাহের। আগরতলার বাংলাদেশ সরকারের কার্যালয় থেকে সেগুলো দেওয়া হতো। এগুলো সাব-সেক্টরে সরবরাহের কাজও ছিল ঝুঁকিপূর্ণ। একবার তিনি ট্রাকে করে অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়ার সময় পাকিস্তানি সেনাবাহিনীর আর্টিলারির আক্রমণের মুখে পড়েন। পাকিস্তানি কামানের গোলা এসে পড়তে থাকে ট্রাকের আশপাশে। এই গোলার কোনো একটি ট্রাকের ওপর পড়লে তিনিসহ গোটা ট্রাক ধ্বংস হয়ে যেত।এ এম মো. ইসহাক কয়েকটি ছোটখাটো অপারেশন ও একটি সম্মুখযুদ্ধেও অংশ নেন। মুক্তিবাহিনীর লেফটেন্যান্ট হারুন-উর-রশিদের (পরে লেফটেন্যান্ট জেনারেল ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান) নেতৃত্বে তিনিসহ একটি দল আখাউড়ার পাশে একটি রেলসেতু ধ্বংসের অপারেশনে আসে। পাকিস্তানি সেনারা তাঁদের উপস্থিতি টের পেয়ে গেলে আক্রমণ করে। তখন সেখানে যুদ্ধ হয়। এই যুদ্ধে তিনিও অংশ নেন।মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সহায়ক বিভাগের কাজে অসামান্য অবদান রাখায় এ এম মো. ইসহাককে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।এ এম মো. ইসহাকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রাধানগর গ্রামে। ২০১০ সালে তিনি মারা গেছেন। স্বাধীনতার পর সরকারি চাকরিতে যোগ না দিয়ে তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন ‘শহীদ স্মৃতি কলেজ’। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবার নাম এ এম মো. হোসেন। মা মেহেরুন্নেসা খানম। স্ত্রী মেহেরুন্নেসা ইসহাক। তাঁর পাঁচ ছেলে ও এক মেয়ে। সূত্র: প্রথম আলোর আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি দুলাল ঘোষের পাঠানো তথ্য, লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-উর-রশিদ, বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এ প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠান। গ্রন্থনা: তারা রহমান[email protected]