তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আলতাফ হোসেন, বীর বিক্রম গুলিবিদ্ধ হয়েও দমে যাননি তিনিবরিশাল জেলা সদরের উত্তর দিকে আড়িয়াল খাঁ নদের উপকূলে বাবুগঞ্জ থানা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী এখানে ঘাঁটি না করলেও মাঝেমধ্যেই সেখানে হানা দিত। সড়ক বা নদীপথে এসে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আবার চলে যেত। সেপ্টেম্বর মাসের শেষদিকে আলতাফ হোসেনের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা এসে অবস্থান নেয় বাবুগঞ্জে। অক্টোবর মাসের ২ বা ৩ তারিখে (১৬ আশ্বিন) মুক্তিযোদ্ধারা খবর পেলেন বরিশাল থেকে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকারের একটি দল সড়কপথে বাবুগঞ্জে আসছে। তাঁরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন তাদের অ্যামবুশের। পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধারা আলতাফ হোসেনের নেতৃত্বে বাবুগঞ্জ-বরিশাল সড়কের এক স্থানে অ্যামবুশ করে আড়ালে বসে থাকলেন। কিছুক্ষণ পর তাঁরা দেখতে পেলেন পাকিস্তানি সেনা ও রাজাকাররা এগিয়ে আসছে। ওরা কল্পনাও করেনি মুক্তিযোদ্ধাদের। নিশ্চিন্তেই আসছিল। তারা অস্ত্রের আওতায় আসামাত্র একসঙ্গে গর্জে উঠল মুক্তিযোদ্ধাদের সব অস্ত্র। সঙ্গে সঙ্গে দু-তিনজন পাকিস্তানি সেনা মাটিতে লুটিয়ে পড়ল।তারপর কয়েক মুহূর্ত। হকচকিত পাকিস্তানিরা দ্রুত পজিশন নিয়ে শুরু করল পাল্টা গুলি। আলতাফ হোসেন ও তাঁর সহযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনাদের পাল্টা আক্রমণ মোকাবিলা করছেন। হঠাৎ একটি গুলি এসে লাগে আলতাফ হোসেনের বুকে। বৃষ্টির মতো গুলি করছে পাকিস্তানি সেনারা। সহযোদ্ধারা যে তাঁকে উদ্ধার করবেন, সে সুযোগও নেই। এদিকে বুকে গুলি লাগলেও আলতাফ হোসেন দমে গেলেন না। গুলিবিদ্ধ অবস্থাতেই আরও কিছুক্ষণ গুলি চালিয়ে গেলেন। গুলি চালাতে চালাতে ক্রমশ নিস্তেজ হয়ে পড়লেন। সেখানে যুদ্ধ চলে অনেকক্ষণ। যুদ্ধে মুক্তিযোদ্ধারাই জয়ী হন। একপর্যায়ে পাকিস্তানি সেনা ও রাজাকাররা পিছু হটে বরিশালে পালিয়ে যায়। তখন সহযোদ্ধারা মুমূর্ষ অবস্থায় আলতাফ হোসেনকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরদিন সকালে তিনি মারা যান। সেদিন যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর চারজন নিহত ও কয়েকজন আহত হয়।আলতাফ হোসেন ১৯৭১ সালে ছিলেন ২১-২২ বছরের যুবক। ১৯৬৮ সাল থেকে তিনি স্থানীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বিশেষত, জোতদার ও মহাজনী শোষণের বিরুদ্ধে আন্দোলনে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রতিরোধযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। প্রতিরোধযুদ্ধ শেষে স্থানীয় যুবকদের সংগঠিত করে একটি দল গঠন করে তাঁদের নিয়ে ভারতে যান। সেখানে প্রশিক্ষণে দেরি হওয়ায় আবার নিজ এলাকায় চলে আসেন। পরে স্থানীয়ভাবে প্রশিক্ষণ নিয়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে লড়াই করতে থাকেন। পরবর্তী সময়ে তাঁকে ও তাঁর দলকে মুক্তিবাহিনীর ৯ নম্বর সেক্টরের ক্যাপ্টেন শাহজাহান ওমরের দলে অন্তর্ভুক্ত করা হয়। আলতাফ হোসেন উজিরপুর এলাকায় রায়েরহাট, আলতা, শকুন্দিয়া এবং সেপ্টেম্বরের মাঝামাঝি বানারীপাড়া থানা আক্রমণে যথেষ্ট সাহস ও বুদ্ধিমত্তা প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধের সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ আলতাফ হোসেনকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। শহীদ আলতাফ হোসেনের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুস ছোবহান মোল্লা। মা আছিয়া বেগম। আছিয়া বেগম এখনো বেঁচে আছেন। আলতাফ হোসেনরা দুই ভাই। তিনিই বড় ছিলেন। ছোট ভাইও কিছুদিন আগে মারা গেছেন।আছিয়া বেগম বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর একবার আমার কাছে আইছিল আমার বাবা (ছেলে)। হ্যারপর হুনি, হে পাকিস্তানিগো গুলিতে মারা গেছে। আমার পোলা মুক্তিযুদ্ধ করার লাইগ্যা খেতাব পাইছে।’সূত্র: প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমানের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৯। ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এ প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠান।গ্রন্থনা: তারা রহমান[email protected].