১২৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।হোসেন আলী তালুকদার, বীর প্রতীকগুলিবৃষ্টির মধ্যে মেশিনগান উদ্ধারডিসেম্বর মাসের কনকনে শীতের মধ্যে সিলেটের দিকে এগিয়ে চলেছেন হোসেন আলী তালুকদারসহ একদল মুক্তিযোদ্ধা। তাঁরা নিয়মিত মুক্তিবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য। কয় দিন ধরে তাঁরা প্রায় না খেয়ে আছেন। শীতবস্ত্রও তেমন নেই। তার পরও তাঁদের মনোবল অত্যন্ত দৃঢ়। তাঁরা বুঝতে পারছেন, চূড়ান্ত বিজয় খুব কাছে। বিপুল উৎ সাহে তিন দিন একটানা হেঁটে খাল-বিল-জলাভূমি অতিক্রম করে ১৪ ডিসেম্বর পৌঁছে গেলেন সিলেট এমসি কলেজ এলাকায়। পথে বিভিন্ন স্থানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর কয়েকটি প্রতিরক্ষা অবস্থান। সেগুলো তাঁরা এড়িয়ে গেলেন। সিলেট শহরের উপকণ্ঠে এমসি কলেজে আছে পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। হোসেন আলী তালুকদাররা অবস্থান নিলেন সেখানে—৫০০ গজ দূরে টিলার ওপরে। পাকিস্তানি সেনাদের নাকের ডগায় ট্রেঞ্চ খুঁড়ে তাঁরা পজিশন নিতে থাকলেন। এমসি কলেজের পাঁচ মাইল পেছনে খাদিমনগরে তখনো যুদ্ধ চলছে। হোসেন আলী তালুকদারদের পোশাক, হেলমেট ও অস্ত্রশস্ত্র দেখতে একদম পাকিস্তানিদের মতো। পাকিস্তানিরা ভাবতেই পারেনি, তাঁরা মুক্তিযোদ্ধা। পাকিস্তানি সেনারা চিৎ কার করে কয়েকবার তাঁদের পরিচয় জানতে চেয়েছে। কিন্তু হোসেন আলী তালুকদাররা জবাব না দিয়ে চুপচাপ টিলার ওপরে ট্রেঞ্চ খুঁড়তে থাকলেন। এমন সময় সেখানে মুক্তিবাহিনীর ডি কোম্পানির অবস্থানের সামনে এসে হাজির হলো পাকিস্তান সেনাবাহিনীর একটি আর্টিলারি গানবাহী গাড়ি ও দুটি জিপ। মুক্তিযোদ্ধারা সঙ্গে সঙ্গে গোলাবর্ষণ করলেন। মুহূর্তে আগুন ধরে গেল কামানবাহী গাড়ি ও জিপে। কিংকর্তব্যবিমূঢ় পাকিস্তানি সেনারা দৌড়াদৌড়ি শুরু করল। সে সুযোগে হোসেন আলী তালুকদার ও তাঁর সহযোদ্ধারা মেশিনগান ও অন্যান্য অস্ত্র দিয়ে গুলি শুরু করলেন। তাঁদের গুলিতে প্রায় ২৫ জন পাকিস্তানি সেনা রাস্তার ওপরই হতাহত হলো। পাকিস্তানিদেরও তখন বোধোদয় হয়ে গেছে। দ্রুত তারা সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণ শুরু করল। মুক্তিযোদ্ধারাও সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করতে থাকলেন। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে পাকিস্তানিরা কিছুক্ষণের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল শহরের ভেতরে মূল ঘাঁটিতে। সেদিন যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর শতাধিক নিহত ও ২৫-৩০ জন আহত হয়। মুক্তিবাহিনীর ২০ জন শহীদ ও ২২-২৩ জন আহত হন।হোসেন আলী তালুকদার পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে তাঁদের অবস্থান ছিল যশোর সেনানিবাসে। ২৯ মার্চ তাঁরা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আক্রান্ত হলে সেনানিবাস থেকে পালিয়ে ভারত সীমান্তে অবস্থান নেন। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কিছুদিন খণ্ড খণ্ড যুদ্ধ করেন। তারপর ভারতে যান। সেখানে পুনর্গঠন ও নতুন করে প্রশিক্ষণ নেওয়ার পর তাঁদের জেড ব্রিগেডে অন্তর্ভুক্ত করা হয়। ৩১ জুলাই জামালপুর জেলার কামালপুরে প্রথম তিনি সরাসরি যুদ্ধে অংশ নেন। কামালপুর যুদ্ধে তাঁদের দলের মেশিনগান থেকে হঠাৎ গুলি ছোড়া বন্ধ হয়ে যায়। সেটি সামনে ছিল। অধিনায়কের নির্দেশে দুজন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে তিনি সেই মেশিনগান উদ্ধারে যান। তখন তাঁর দুই সহযোদ্ধার একজন শহীদ ও একজন আহত হন। এ অবস্থাতেও তিনি মনোবল হারাননি। প্রচণ্ড গুলিবৃষ্টির মধ্যে ক্রলিং করে মেশিনগান অবস্থানে গিয়ে তা উদ্ধার করে আনেন। হোসেন আলী তালুকদার সিলেটের কানাইঘাটসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে বিশেষত, এমসি কলেজের যুদ্ধের সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য হোসেন আলী তালুকদারকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। হোসেন আলী তালুকদারের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চরদশসিকা গ্রামে। চরদশসিকা নিভৃতপল্লি। বর্তমানে তিনি এখানেই বসবাস করেন। তাঁর বাবার নাম সাবেরউদ্দীন তালুকদার, মা সাকেরা খাতুন, স্ত্রী সুফিয়া বেগম। তাঁদের দুই মেয়ে ও দুই ছেলে।হোসেন আলী তালুকদার বলেন, ‘১৯৭১ সালে মৃত্যু খুব কাছে থেকে দেখেছি। একবার তিন দিন কলাপাতা, কচু খেয়ে জীবন বাঁচিয়েছি। প্রতিটি যুদ্ধেই প্রতি মুহূর্তে মনে হতো, এই বুঝি গুলি এসে লাগল। সব যুদ্ধই ছিল ভয়াবহ। যুদ্ধদিনের কথা মনে পড়লে এখনো শিউড়ে উঠি।’সূত্র: হোসেন আলী তালুকদার বীর প্রতীকের সাক্ষাৎ কার; নিয়েছেন প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি এনামুল হক ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: তারা রহমানtৎ ৎ [email protected]