১২৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মতিউর রহমান, বীর উত্তমজেনে যেতে পারলেন না তিনি বীর উত্তমমতিউর রহমান ১৯৭১ সালে ঢাকায় বেবিট্যাক্সি (স্কুটার) চালাতেন। তখন তাঁর বয়স ২১-২২। মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতের আগরতলায় গিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেন। তাঁকে নৌ-কমান্ডোতে অন্তর্ভুক্ত করা হয়। প্রশিক্ষণ শেষে বেশ কয়েকটি নৌ-অপারেশনে অংশ নেন তিনি। বেশির ভাগ অপারেশনে অসাধারণ দক্ষতা, বীরত্ব ও সাহস প্রদর্শন করেন। তিনি ছিলেন দুঃসাহসী একজন নৌ-কমান্ডো। স্বাধীনতার পর তিনি কোনো স্বীকৃতির অপেক্ষা না করে মিশে যান সাধারণ্যে। মুক্তিযুদ্ধে নৌ-অপারেশনে অসাধারণ ভূমিকা রাখায় ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাঁকে জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করেন। এর আগে থেকেই তাঁর খোঁজ ছিল না। সহযোদ্ধারা তাঁকে অনেক খুঁজেছেন। যখন খুঁজে পাওয়া গেল, তখন তিনি আর বেঁচে নেই। মতিউর রহমান জেনে যেতে পারেননি তিনি রাষ্ট্রের সর্বোচ্চ খেতাবধারী মুক্তিযোদ্ধা।স্বাধীনতার কিছু দিন পর কী এক কারণে মতিউর রহমান ঢাকা ছেড়ে চলে যান গাইবান্ধা জেলায়। দুই বছর পর লালমনিরহাটে। সেখানে বিয়ে করেন এবং যোগ দেন স্থানীয় আনসার ব্যাটালিয়নে। চাকরি ও বিয়ের সুবাদে সেখানেই বসবাস শুরু করেন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা আবদুল হান্নান ব্যক্তিগত প্রচেষ্টায় ১৯৯৮ সালে তাঁকে খুঁজে বের করেন। কিন্তু তখন মতিউর রহমান বেঁচে নেই। ১৯৯৬ সালে তিনি মারা যান।মতিউর রহমানের প্রথম গেরিলা ত ৎপরতা অপারেশন জ্যাকপটের মাধ্যমে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১৫-১৬ আগস্ট মুক্তিবাহিনীর প্রশিক্ষণ পাওয়া নৌ-কমান্ডোরা পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) সমুদ্রবন্দর ও প্রধান প্রধান নদী বন্দরে একযোগে যে অপারেশন করেন, সেটিই ‘অপারেশন জ্যাকপট’ নামে খ্যাত। এ অপারেশনের বিশালতা ও ক্ষয়ক্ষতি এত ব্যাপক ছিল যে তা পাকিস্তানসহ বিশ্বকে হতভম্ব করে দেয়। পৃথিবীর প্রায় সব প্রচারমাধ্যম এ ঘটনা ফলাও করে প্রচার করে। অপারেশনের চূড়ান্ত তারিখ ছিল ১৫ আগস্ট, পাকিস্তানের জাতীয় দিবসে। মতিউর রহমান অংশ নেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ফেরিঘাট আক্রমণে। এ অপারেশনে তাঁরা অংশ নেন মোট নয়জন। তাঁদের দলনেতা ছিলেন শাহজাহান সিদ্দিকী (বীর বিক্রম)। সহ-দলনেতা তিনি। আগস্ট মাসের ১১-১২ তারিখে সীমান্ত অতিক্রম করে তাঁরা বাংলাদেশে আসেন। অপারেশনের ধার্য করা দিন ১৫ আগস্ট দাউদকান্দি এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়। তাঁদের গাইড অসুস্থ হয়ে পড়েন। সে কারণে অপারেশন স্থগিত রাখতে হয়। পরদিন ১৬ আগস্ট মধ্যরাতে তাঁরা সফলতার সঙ্গে দাউদকান্দি ফেরিঘাটের ফেরি ও পন্টুনে লিমপেট মাইন লাগান। এ কাজে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন মতিউর রহমান। ফেরিঘাটে প্রহরায় ছিল পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় সহযোগী রাজাকাররা। তারা একটুও টের পায়নি। মাইন লাগানোর পর মুক্তিযোদ্ধারা দ্রুত চলে যান নিরাপদ অবস্থানে। একটু পর (রাত দুইটা ৪৫ মিনিটে) চারদিক প্রকম্পিত করে নয়টি লিমপেট মাইন একের পর এক বিস্ফোরিত হয়। মাইন বিস্ফোরণের বিকট শব্দ ও পাকিস্তানিদের অবিরাম গুলিবর্ষণে ২৫ বর্গমাইল এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। দু-তিন দিন পর নৌ-কমান্ডোরা ভারতের আগরতলায় চলে যান।পরবর্তী সময়ে মতিউর রহমান বরিশাল বন্দর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কয়েকটি অপারেশন করেন। এর মধ্যে বরিশালের অপারেশন ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তিনিই ছিলেন দলনেতা। ২৫-২৬ অক্টোবর সফলতার সঙ্গে এ অপারেশন সম্পন্ন করেন। তিনটি জাহাজ লিমপেট মাইনের সাহায্যে তাঁরা ডুবিয়ে দেন।মতিউর রহমানের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রঘুনাথপুর গ্রামে। সেখানে তিনি বসবাস করেননি। লালমনিরহাট জেলা শহরের সাহেবপাড়ায় রেলওয়ের পরিত্যক্ত জমিতে অস্থায়ীভাবে নির্মিত ছোট এক কুটিরে বাস করতেন। মৃত্যুর আগ পর্যন্ত ওই বাড়িতেই বসবাস করেছেন। সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেড তাঁর পরিবারের জন্য শহরের বঙ্গবন্ধু কলোনিসংলগ্ন এলাকায় ৫ শতাংশ জমি ক্রয় করে টিনশেড পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছে। গত ১২ জুলাই বাড়িটি তাঁর স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। মতিউর রহমানের বাবার নাম জয়নুদ্দীন ডাক্তার। মা জমিলা বেগম। স্ত্রী আমেনা বেগম। তাঁর চার ছেলে ও দুই মেয়ে।মতিউর রহমান বীর উত্তমের স্ত্রী আমেনা বেগম বলেন, ‘আমার স্বামী বেঁচে থাকতে জানতে পারেননি তাঁর অবদানের স্বীকৃতি। অনেক কষ্ট ও দুঃখ-হতাশা নিয়ে মারা গেছেন তিনি।’সূত্র: প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রবের পাঠানো তথ্য, শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম এবং বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১০। গ্রন্থনা: তারা রহমানt ৎ ৎ[email protected]