১২৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।হাসানউদ্দিন আহমেদ, বীর প্রতীকবীর যোদ্ধা দক্ষ যোদ্ধাসাতক্ষীরা জেলা সদর থেকে ১৫-১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভোমরা। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ছাত্র, যুবক ও ইপিআরের সমন্বয়ে গড়া একদল প্রতিরোধযোদ্ধা অবস্থান নেন এখানে। হাসানউদ্দিন আহমেদ ছিলেন তাঁদের মধ্যে একজন। তিনি ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) সদস্য। তখনো মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক কার্যক্রম তেমন শুরু হয়নি। সেখানে তাঁরা প্রতিরক্ষা অবস্থানে থাকার পাশাপাশি ছাত্র-যুবকদের যুদ্ধবিদ্যায় পারদর্শিতা অর্জনে প্রশিক্ষণ দিচ্ছিলেন। এপ্রিল মাসের শেষ দিকে একদল পাকিস্তানি সেনা তাঁদের প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ করে। এ আক্রমণ আকস্মিক হলেও অপ্রত্যাশিত ছিল না। পাকিস্তান সেনাবাহিনী বিপুল সমরাস্ত্র ও সেনাসমাবেশ ঘটিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হাসানউদ্দিন আহমেদরা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনাদের আক্রমণ প্রতিরোধ করতে থাকেন। তাঁরা রাস্তার আড়ালে বা ট্রেঞ্চে ছিলেন। পাকিস্তানি সেনাদের আক্রমণ এত তীব্র ছিল যে গুলিবৃষ্টির মধ্যেই তারা ক্রলিং করে মুক্তিবাহিনীর অবস্থানের কাছে চলে আসে। প্রথম দুই ঘণ্টার যুদ্ধ পাকিস্তানিদের অনুকূলে থাকে। এ সময় হাসানউদ্দিনসহ ইপিআরের কয়েকজন যথেষ্ট রণকৌশল ও বীরত্ব প্রদর্শন করেন। তাঁদের বীরত্বে বেশ কজন পাকিস্তানি সেনা হতাহত হয়। তখন পাকিস্তানি সেনারা পিছিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। হাসানউদ্দিনের মুক্তিযোদ্ধাজীবনে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে এটিই ছিল প্রথম প্রত্যক্ষ যুদ্ধ।মে মাসের শেষের দিকে একদিন ভোরে পাকিস্তান সেনাবাহিনী আবার ভোমরায় মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ করে। সেদিন হাসানউদ্দিন বাঁধের আড়ালে একটি প্রতিরক্ষা অবস্থানে ছিলেন। তাঁদের দলের কাছে ছিল একটি মেশিনগান। এর গানার ছিলেন তাঁর সহযোদ্ধা আতাউর রহমান। তিনি সেটি কার্যকরভাবে ব্যবহার করতে সক্ষম হন। মেশিনগানের অবিরাম গুলিবর্ষণে পাকিস্তানি সেনাদের অগ্রাভিযান বারবার বাধাগ্রস্ত হয়। তখন পাকিস্তানিরা মেশিনগান ধ্বংস করতে আর্টিলারি গোলাবর্ষণ করে। হাসানউদ্দিন আহমেদরা চাতুর্যের সঙ্গে বারবার অবস্থান বদল করে পাকিস্তানিদের ধোঁকা দেন। পাকিস্তানি সেনারা তাঁদের ও মেশিনগানের অবস্থান নির্ণয় করতে ব্যর্থ হয়। পরে মুক্তিযোদ্ধারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালান। তাঁদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে বহু পাকিস্তানি সেনা হতাহত হয়। থেমে থেমে সেদিন ১৪-১৫ ঘণ্টা যুদ্ধ হয়। পাকিস্তানি সেনাদের প্রচণ্ড আক্রমণের পরও তাঁরা তাঁদের অবস্থান ধরে রাখতে সক্ষম হন।হাসানউদ্দিন আহমেদ ১৯৭১ সালে যশোর জেলার বেনাপোল সীমান্তে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁরা প্রতিরোধযুদ্ধে যোগ দেন। পরে ভোমরা সীমান্তে অবস্থান নেন। ভোমরা প্রতিরক্ষা অবস্থানের পতন হলে তাঁরা ভারতে চলে যান। সেখানে থাকার সময় তাঁদের প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। তিনি পরে সিলেটের ধলই বিওপি (২৮ অক্টোবর) ও কানাইঘাট (২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর) আক্রমণে অংশ নেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য হাসানউদ্দিন আহমেদকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।হাসানউদ্দিন আহমেদের পৈতৃক বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার কসুমহাটি ইউনিয়নের চর কুশাই গ্রামে। স্বাধীনতার পর তিনি বিজিবিতেই থেকে যান। ১৯৮৪ সালে অবসর গ্রহণের পর থেকে চর কুশাই গ্রামেই বসবাস করছেন। তাঁর বাবার নাম মেছের উদ্দিন, মা মঙ্গলজান বিবি। স্ত্রী রওশন আরা বেগম। তাঁদের দুই ছেলে ও তিন মেয়ে।হাসানউদ্দিন আহমেদ বলেন, ‘আমি সরকারি চাকরিজীবী হিসেবে ভাতা পাই। কিন্তু দরিদ্র ও অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য খুব খারাপ লাগে। সরকারের কাছে আবেদন জানাই, দুস্থ মুক্তিযোদ্ধাদের যাতে রিকশা চালিয়ে বা দিনমজুরি করে বাঁচতে না হয়, সে বিষয়ে যেন লক্ষ রাখা হয়।’সূত্র: হাসানউদ্দিন আহমেদ বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি আজহারুল হক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৪ ও ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]