১২৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল মান্নান, বীর প্রতীকছদ্মবেশে ঢুকলেন পাকিস্তানি সেনাক্যাম্পে১৯৭১ সালে যশোর জেলার কালীগঞ্জে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি ক্যাম্প। এখানে অবস্থানরত পাকিস্তানি সেনারা স্থানীয় মানুষজনের ওপর ব্যাপক অত্যাচার চালাত। মুক্তিবাহিনীর আবদুল মান্নান ও তাঁর দল ওই ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করে। কিন্তু ক্যাম্প সম্পর্কে কোনো ধারণা নেই তাঁদের। শত্রুর শক্তি সম্পর্কে জেনে আক্রমণ পরিচালনা করার সিদ্ধান্ত নেন তাঁরা। একদিন আবদুল মান্নান নিজেই গুপ্তচর হয়ে ক্যাম্পে ঢোকার সিদ্ধান্ত নেন। পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরির সুবাদে তিনি জানতেন পাকিস্তানিরা চিংড়িমাছ পছন্দ করে। বাজার থেকে একটি সাজি এবং কিছু চিংড়িমাছ কিনে আনেন তিনি। এরপর মাছ বিক্রেতা হিসেবে ওদের ক্যাম্পে ঢুকে পড়েন। ময়লা লুঙ্গি, সাজিতে মাছ দেখে সন্দেহ না করলেও বাঙালি হওয়ায় তাঁকে অনেক গালমন্দ করে পাকিস্তানি সেনারা। মারধরও করে। তখন মান্নান বলেন, তিনি তিন দিন ধরে না খেয়ে আছেন। পেটের দায়ে এসেছেন। এরপর এক পাকসেনা তাঁকে খাবারও এনে দেয়। খাবার খেয়ে সব তথ্য নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শত্রুদের অবস্থা ও গোলাবারুদের অবস্থান জেনে সেদিন রাতেই তাঁরা আক্রমণ চালান পাকিস্তানি সেনাদের ওই ক্যাম্পে। হঠাৎ আক্রমণ করায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। কিছুক্ষণ গুলিবিনিময়ে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়; একপর্যায়ে তাদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেন আবদুল মান্নান। উপায় না দেখে তারা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। পাকিস্তানি সেনাবাহিনীতে কাজ করতেন আবদুল মান্নান। কর্মরত ছিলেন পাকিস্তানে। ১৯৭১ সালের প্রথম দিকে পাকিস্তান থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। ছুটি শেষ হলে ঢাকা সেনানিবাসের ট্রানজিট ক্যাম্পে যোগ দেন পাকিস্তানে যাওয়ার জন্য। ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী হত্যাযজ্ঞ শুরু করলে আবদুল মান্নান ঢাকা থেকে পালিয়ে বরিশালে চলে আসেন। বরিশালে স্থানীয় প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে শামিল হন দেশমাতৃকাকে মুক্ত করার সংগ্রামে। পরে মুক্তিবাহিনীর ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের সরাসরি তত্ত্বাবধানে যুদ্ধ করেন তিনি। বাবুগঞ্জের ঝুনাহার এলাকায় পাকিস্তানি সেনাদের সঙ্গে সরাসরি এক যুদ্ধে অংশ নেন আবদুল মান্নান। তাঁর গুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়। পাকিস্তানি বাহিনীর ছোড়া একটি গুলি তাঁর পায়ে লাগে। বাবুগঞ্জ উপজেলার শরিকল ইউনিয়নের পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী রাজাকার খাদেম মীরা নির্বিচারে মানুষ মারার জন্য নিজের বাড়িতে পাকিস্তানি সেনা ও রাজাকারদের ঘাঁটি গড়ে তোলে। একদিন খাদেম মীরার বাড়ির চারদিক তাঁরা ঘিরে ফেলেন। অসীম সাহসী আবদুল মান্নান খেজুরগাছ বেয়ে ওই বাড়িতে ঢুকে প্রথম আক্রমণ চালান। সেখানে ১৮ জন রাজাকার ও পাকিস্তানি সেনা নিহত হয়। বাকিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন, বিশেষ করে যশোরের কালিগঞ্জ ক্যাম্প আক্রমণে নৈপুণ্য প্রদর্শনের জন্য দুঃসাহসী আবদুল মান্নানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। আবদুল মান্নানের বাড়ি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর (সাবেক আগরপুর) ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে (বর্তমান গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের আধুনা গ্রামে)। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে তিনি এখানেই বসবাস করতেন। ২০০৮ সালে মারা যান। তাঁর বাবার নাম আমিনুদ্দিন ফরাজী। মা জামেলা খাতুন। স্ত্রী মমতাজ বেগম। তাঁর চার ছেলে ও এক মেয়ে।আবদুল মান্নানের ছেলে আল ইমরান বলেন, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা গর্বিত। যদিও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তেমন কোনো সম্মান দেওয়া হয় না। আমি আমার বাবার শেষ ইচ্ছা যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর দেখতে চাই।সূত্র: প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমানের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৯।গ্রন্থনা: তারা রহমান[email protected]