১২৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।কাজী জয়নুল আবেদীন, বীর প্রতীকচোখের সামনে উড়ে গেল তাহেরের পা১৯৭১ সালের ১৪ নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর কামালপুর ঘাঁটি আক্রমণ করে মুক্তিবাহিনী। তাঁদের সঙ্গে মিত্রবাহিনীর প্রায় এক ব্যাটালিয়ন সেনাও মুক্তিযোদ্ধাদের মতো পোশাক পরে এই যুদ্ধে অংশ নেয়। মুক্তিবাহিনীর একটি কোম্পানির কমান্ডার ছিলেন কাজী জয়নুল আবেদীন। সেদিনের আক্রমণে তিনি তাঁর কোম্পানির মুক্তিযোদ্ধাদের নিয়ে অবস্থান নেন রাস্তার পূর্ব পাশে। পশ্চিম পাশে ছিল তাঁদের আরেক কোম্পানি। মুক্তিযোদ্ধাদের অধিকাংশই ছিলেন ছাত্র ও যুবক। তাঁরা রাতের বেলা সেখানে পজিশন নেন। ভোরের আলো ফুটে উঠতেই দেখা গেল, সামনেই পাকিস্তানি বাংকার। তখনই বাংকারে আক্রমণের নির্দেশ দেওয়া হলো মুক্তিযোদ্ধাদের। পেছন দিক থেকে পাকিস্তানি অবস্থানের ওপর আর্টিলারি শেলিং চলছিল। ওয়্যারলেসে জানানো হলো, আর্টিলারি শেলিং বন্ধ হলে মুক্তিবাহিনীর অগ্রবর্তী দল শত্রুর বাংকার আক্রমণ করবে। মুক্তিবাহিনীর ১১ নম্বর সেক্টরের নতুন অধিনায়ক আবু তাহের মিত্রবাহিনীর সঙ্গে কমান্ড পোস্টে ছিলেন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের অবস্থানের কাছে এসে রাস্তার ঢালের পশ্চিম দিকে মুখ করে বসেন। তখন হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া একটি আর্টিলারি শেল সেখানে এসে পড়ে। শেলের একটি টুকরো আবু তাহেরের পায়ে লাগে। তাঁর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। কাজী জয়নুল আবেদীনের চোখের সামনেই ঘটনাটা। এতে বেশিরভাগ মুক্তিযোদ্ধা হতবিহ্বল হয়ে পড়েন। ফলে তাঁদের আক্রমণ ব্যর্থতায় পর্যবসিত হয়। পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধারা পেছন থেকে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প ঘিরে ফেলে। এতে কার্যত পাকিস্তানিরা তাদের ক্যাম্পের মধ্যে বন্দী হয়ে পড়ে। অবশেষে ডিসেম্বরের ৩ তারিখে সহযোগী রাজাকারসহ পাকিস্তানি সেনাবাহিনীর প্রায় ১৫০ জন বালুচ সেনা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। কামালপুর পতনের পর কাজী জয়নুল আবেদীন তাঁর দলের মুক্তিযোদ্ধাদের নিয়ে এগিয়ে যান জামালপুরের দিকে।কাজী জয়নুল আবেদীন পাকিস্তানি বিমানবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান)। দেশে কিছু একটা ঘটতে পারে অনুমান করে তিনি ছুটি নিয়ে ৩ মার্চ পাকিস্তান থেকে দেশে আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতের আগরতলায় যান। সেখানে মুক্তিযুদ্ধের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। পরে মুক্তিবাহিনীর জেড ব্রিগেডের অধিনায়ক জিয়াউর রহমানের অনুরোধে তিনি ওই ব্রিগেডে যোগ দেন। সেখানে তাঁকে স্টোরের দায়িত্ব দেওয়া হয়। একাজে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেননি। মৃত্যুঝুঁকি আছে জেনেও তাঁর মন পড়ে ছিল যুদ্ধক্ষেত্রে, সে জন্য পরে মুক্তিবাহিনীর ১১ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার মহেন্দ্রগঞ্জে যোগ দেন। এরপর তাঁকে একটি কোম্পানির কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়।মুক্তিযুদ্ধে, বিশেষত কামালপুর যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য কাজী জয়নুল আবেদীনকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়েছে। কাজী জয়নুল আবেদীনের পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দেবীশিবপুর গ্রামে। তিনি সেখানে বসবাস করেন না। বর্তমানে বাস করেন ঢাকার বনানীর পুরাতন ডিওএইচএসে। তাঁর বাবার নাম কাজী মো. হারিছ মিয়া। মা আছিয়া খাতুন। স্ত্রী মালেকা পারভীন। তাঁর দুই ছেলে। স্বাধীনতার পর তিনি বিমানবাহিনীতে কিছু দিন কাজ করার পর বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং ডিআইজি হিসেবে অবসর নেন। কাজী জয়নুল আবেদীন বলেন, ‘১৯৭১ সালে যুবক ছিলাম, যুদ্ধে যাওয়ার বয়স ছিল, কেউ জোর করে নাই, কেউ দাওয়াতও দেয় নাই, দেশমাতৃকাকে মুক্ত করতে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। দুস্থ মুক্তিযোদ্ধাদের দেখলে খুব খারাপ লাগে। তাঁদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।’সূত্র: কাজী জয়নুল আবেদীন বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরের কাজী নাসরিন সিদ্দিকা, স্বর্ণময়ী সরকার ও মামুন মোরশেদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: তারা রহমান[email protected]