তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শেখ আজিজুর রহমান, বীর প্রতীকবীরত্বের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করেনএকাত্তর সালের শুরুতে দেশে স্বাধীনতার আন্দোলন দানা বাঁধতে শুরু করলে পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান) কর্মরত পাকিস্তান বিমান বাহিনীর বাঙালি সদস্যদের ছুটি প্রায় বন্ধ করে দেওয়া হয়। মার্চের শুরুতে স্ত্রীর অসুখের কথা বলে ছুটি নিয়ে করাচি থেকে ৭ মার্চ বাংলাদেশে পৌঁছান শেখ আজিজুর রহমান। এর কয়েক দিন পরই শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। তখন সহকর্মী মোখলেসুর রহমানকে নিয়ে নিজ এলাকা কামারখালী কলেজ মাঠে স্থানীয় ছাত্র-যুবকদের জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেন তিনি। তেমন কোনো অস্ত্র না থাকলেও মনের শক্তিতে ক্যাম্পে শতাধিক যুবককে নিজের প্রশিক্ষণ-জ্ঞান উজাড় করে ট্রেনিং দিতে থাকেন। এক মাস পর পাকিস্তান সেনাবাহিনী কামারখালী দখল করলে তাঁরা যে যাঁর মতো বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। এরপর শেখ আজিজুর রহমান নিজ এলাকার যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে পাঠাতে থাকেন। জুলাই মাসে তিনি নিজেও ভারতে যান। কলকাতার থিয়েটার রোডে বাংলাদেশ সরকারের কার্যালয়ে গেলে তাঁকে কল্যাণীতে মুক্তিবাহিনীর ৮ নম্বর সেক্টরে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকজন সহকর্মীর সঙ্গে তাঁর দেখা হয়। তাঁরা জানান, মুক্তিবাহিনীর জন্য বিমানবাহিনী গঠন করা হবে। কল্যাণী ক্যাম্পে দুই মাস থাকার পর বিমানবাহিনী গঠনের কোনো কার্যক্রম না দেখে আজিজুর রহমান ১৪ জন সঙ্গীকে নিয়ে সেক্টর কমান্ডার এম এ মঞ্জুরের সঙ্গে দেখা করে বাংলাদেশের ভেতরে যুদ্ধ করার অনুমতি চান। তখন তাঁদের বয়রা সাব-সেক্টরে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বেশ কয়েক দিন থাকার পর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হুদা তাঁদের গোপালগঞ্জে যেতে বলেন। সেপ্টেম্বর মাসে বয়রা থেকে গোপালগঞ্জে যাওয়ার পথে মাগুরার শালিখা থানার আড়পাড়ার পশ্চিমে পাকিস্তান সেনাবাহিনীর একটি দলের সামনে তাঁরা পড়েন। তখন যুদ্ধ বেধে যায়। ওই এলাকার মুক্তিযোদ্ধারাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করেন। আজিজুর রহমানরা রাস্তার এক পাশে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সাধারণ অস্ত্র দিয়ে বীরত্বের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করেন। ওই যুদ্ধে বিমানসেনা মান্নান ও হানিফ এবং নাম না-জানা তিন মুক্তিযোদ্ধা প্রাণ হারান। আর পাকিস্তানি সেনাবাহিনীর ১৮ জন নিহত হয়। পরে গ্রামের লোকেরাই পাঁচ মুক্তিযোদ্ধাকে দাফন করেন। এরপর আজিজুর রহমান বেঁচে যাওয়া সেনাদের সঙ্গে নিয়ে মাগুরা, ফরিদপুর, ঝিনাইদহ ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অপারেশন, রাজাকার ক্যাম্প দখল ও সড়কের কালভার্ট ধ্বংস করেন। গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় ছিল পাকিস্তানি সেনাদের একটি ক্যাম্প। ডিসেম্বরের ১২-১৩ তারিখে মুক্তিবাহিনী ওই ক্যাম্প আক্রমণ করে। ১৭ ডিসেম্বর পর্যন্ত সেখানে যুদ্ধ হয়। এই যুদ্ধে তিনিও অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শেখ আজিজুর রহমানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।শেখ আজিজুর রহমানের পৈতৃক বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইল গ্রামে। তিনি সেখানে থাকেন না। বর্তমানে বসবাস করেন খুলনা মহানগরের রায়ের মহল এলাকায়। তাঁর বাবার নাম শেখ আবদুল হাকিম এবং মা জোহরা খাতুন। স্ত্রী ফিরোজা বেগম। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে। শেখ আজিজুর রহমান বলেন, ‘একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেও স্বাধীনতা ও বিজয় দিবসের কোনো অনুষ্ঠানেই আমাকে ডাকা হয় না। দুঃখের কথা কী কলব, আমি মুক্তিযোদ্ধা ভাতাও পাই না।’ সূত্র: শেখ আজিজুর রহমান বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন কাজী আবদুল্লাহ (প্রথম আলোর খুলনা অফিস) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-৮। গ্রন্থনা: তারা রহমান[email protected]