১৩১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ইনামুল হক চৌধুরী, বীর প্রতীককৌশলী ও সাহসী এক মুক্তিযোদ্ধারাতের অন্ধকারে নিঃশব্দে পাকিস্তানি সেনাদের ক্যাম্পের কাছাকাছি অবস্থান নিলেন ইনামুল হক চৌধুরীসহ একদল মুক্তিযোদ্ধা। ভোরের আলো ফুটে ওঠার আগেই তাঁরা শুরু করলেন অতর্কিত আক্রমণ। ক্ষিপ্রগতিতে পাকিস্তানি সেনারাও পাল্টা আক্রমণ চালাল। তাদের গুলিতে ইনামুল হক চৌধুরীর কয়েকজন সহযোদ্ধা মারাও গেলেন। তবু যুদ্ধে কোনো ছেদ পড়ে না। চলে আপ্রাণ লড়াই। পাকিস্তানি সেনারা কিছু এগোয় তো মুক্তিযোদ্ধারা পেছনে যান। মুক্তিযোদ্ধারা একটু এগোলে পাকিস্তানি সেনারা পিছিয়ে যাচ্ছে। প্রচণ্ড গোলাগুলিতে প্রকম্পিত গোটা এলাকা। একসময় মুক্তিযোদ্ধাদের কয়েকজনকে পাকিস্তানি সেনারা চারদিক থেকে ঘিরে ফেলল। আটকে পড়া দলে ছিলেন ইনামুল হক চৌধুরী। মুক্তিযোদ্ধাদের আটকাতে পেরে পাকিস্তানি সেনারা উল্লাস করতে থাকে। কেউ কেউ জোরে চিৎকার করে বলতে থাকে, ‘উসকো গুলি মাত করো। উসকো জিন্দা পাকড়াও’ ইত্যাদি। তারপর ‘হ্যান্ডসআপ’ বলে চারদিক থেকে আওয়াজ তোলে। ইনামুল হক চৌধুরী বিচলিত হলেন না। তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত নিলেন পাকিস্তানিদের ধোঁকা দেওয়ার। চোখের ইশারায় সহযোদ্ধাদের সংকেত দিলেন হাত ওপরে তুলতে। তারপর তিনিসহ দলের অন্যান্য সদস্যরা হাত ওপরের দিকে ওঠালেন। এক ফাঁকে তিনি আবার চোখের ইশারায় সহযোদ্ধাদের পাশের নদীতে ঝাঁপ দেওয়ার নির্দেশ দেন। পাকিস্তানি সেনারা কিছু বুঝে ওঠার আগেই তাঁরা সবাই একসঙ্গে নদীতে ঝাঁপ দেন। ডুবসাঁতার দিয়ে বিরাট সুরমা নদী পার হতে থাকেন। মাঝেমধ্যে মাথা উঁচিয়ে শ্বাস নেন। হতভম্ব পাকিস্তানি সেনারা নদীর বুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। নদীর ওই পাড়ে পৌঁছে মিনিট পাঁচেক জিরিয়ে দৌড়াতে দৌড়াতে নিরাপদ দূরত্বে যান সবাই। সেখানে সহযোদ্ধা নায়েক সুরত আলী ইনামুল হককে ইশারায় বলেন, তাঁর পায়ে রক্ত। এতক্ষণ প্রাণ বাঁচাতে দৌড়ানোর কারণে পায়ে কখন যে গুলি লেগেছে, সেটি টেরই পাননি ইনামুল হক চৌধুরী। পরনের লুঙ্গির একটি টুকরো ছিঁড়ে পায়ে বেঁধে দেন সহযোদ্ধারা। এ ঘটনা ১৯৭১ সালের, সুনামগঞ্জ জেলার ষোলঘর এলাকায়।ইনামুল হক চৌধুরী ১৯৭১ সালে ছিলেন টগবগে যুবক। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। পরে মা-বাবার অনুমতি নিয়ে ভারতে গিয়ে যোগ দেন মুক্তিবাহিনীতে। পাঁচ নম্বর সেক্টরের বালাট সাব-সেক্টর এলাকায় যুদ্ধ করেন। পরে তাঁকে এই সাব-সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বেশ কটি অপারেশনে তিনি নেতৃত্ব দেন। একবার সেক্টর কমান্ডারের নির্দেশে তিনি তাঁর দল নিয়ে সুনামগঞ্জ জেলার ছাতক সিমেন্ট কারখানা এলাকায় অবস্থানরত পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। সুনামগঞ্জে একটি ডামি আক্রমণের দায়িত্বও পড়ে তাঁর ওপর। এ আক্রমণের উদ্দেশ্যে ছিল পাকিস্তানি সেনাদের ধোঁকা দেওয়া।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ইনামুল হক চৌধুরীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ইনামুল হক চৌধুরীর পৈতৃক আদি নিবাস সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে। সেখানে তিনি থাকেন না। বসবাস করেন সিলেট মহানগরের চৌহাট্টায় পৈত্রিক বাড়িতে। তাঁর বাবার নাম বশিরুল হক চৌধুরী। মা সাবেরা খানম চৌধুরী। স্ত্রী মারিয়াম চৌধুরী। পাঁচ ভাইবোনের মধ্যে ইনামুল হক চৌধুরী সবার বড়। তাঁর চার ছেলে ও দুই মেয়ে।ইনামুল হক চৌধুরী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার একটাই চাওয়া, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হোক।’সূত্র: ইনামুল হক চৌধুরী বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৫। গ্রন্থনা: তারা রহমান[email protected]