১৩২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।দেলোয়ার হোসেন, বীর প্রতীকমৃত্যুর মুখেও মনোবল হারাননিদেলোয়ার হোসেন ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি) চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চট্টগ্রাম সেক্টর হেডকোয়ার্টারে। তখন তাঁর বয়স ২৫ কিংবা ২৬। তাঁরা আগে থেকেই জানতেন, পাকিস্তানি সেনাবাহিনী তাঁদের ওপর আক্রমণ করবে। ২৫ মার্চ রাত ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ইপিআরের হেডকোয়ার্টার্স অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন (পরে মেজর) রফিকুল ইসলাম (বীর উত্তম) প্রতিরোধ গড়ে তোলার জন্য তাঁদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। তাঁরা হালিশহর এলাকার চারদিকে অবস্থান নেন। রাত দেড়-দুইটার দিকে পাকিস্তানি নৌবাহিনীর তিনটি গাড়ি হালিশহরে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। দেলোয়ার হোসেন ও তাঁর সঙ্গী মীর কাশেম লাইট মেশিনগান নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে পাকিস্তানি নৌবাহিনীর একজন আহত হয়। এটা ছিল তাঁর প্রথম যুদ্ধ। ২৬ মার্চ তিনি তাঁর দলের সঙ্গে কুমিরায় অবস্থান নেন। সন্ধ্যার দিকে পাকিস্তান সেনাবাহিনীর বিরাট একটি বহর কুমিল্লা থেকে কুমিরায় উপস্থিত হলে সেখানে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধ চলে টানা তিন-চার ঘণ্টা। পাকিস্তানি সেনারা যখন ব্যারিকেড সরানোর কাজে ব্যস্ত, তখন তাঁরা পাকিস্তানিদের আক্রমণ করেন। এতে পাকিস্তানিরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। তাঁদের গুলিতে অনেক পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর কুমিরা থেকে তাঁরা আবার হালিশহরে অবস্থান নেন। ২৯ মার্চ পাকিস্তানি যুদ্ধজাহাজ হালিশহরে বোমাবর্ষণ শুরু করে। এতে তাঁদের অনেক ক্ষয়ক্ষতি হয়। তখন তাঁরা হালিশহরের অবস্থান ছেড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন।দেলোয়ার হোসেন প্রথমে ১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। পরে তাঁকে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্তর্ভুক্ত করা হয়। এরপর জেড ব্রিগেডের অধীনে যুদ্ধ করেন। আট-নয়টি যুদ্ধে অংশ নেন। এর মধ্যে লাতু ও শুভপুরের যুদ্ধ উল্লেখযোগ্য।১৯৭১ সালের ১৬ নভেম্বর থেকে মৌলভীবাজারের লাতু এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর বেশ কয়েক দিন টানা যুদ্ধ হয়। এই যুদ্ধে মুক্তিবাহিনীর কয়েকজন শহীদ এবং তিনিসহ তাঁর কয়েকজন সহযোদ্ধা আহত হন। একদিন হালকা মেশিনগান দিয়ে তিনি গুলি করছিলেন। এক পর্যায়ে প্রচণ্ড গুলিবৃষ্টির মধ্যে ক্রলিং করে সামনে এগিয়ে যাওয়ার সময় তাঁর বাম পা মাইনের আঘাতে উড়ে যায়। ডান পায়ে গুলি লাগে। তখন মনে করেছিলেন আর বুঝি বাঁচবেন না। ওই অবস্থাতেও তিনি মনোবল হারাননি। সহযোদ্ধারা তাঁকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার পর তাঁর কৃত্রিম পা লাগানো হয়। এই কৃত্রিম পায়ের সাহায্যে তিনি এখন চলাফেরা করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য দেলোয়ার হোসেনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।দেলোয়ার হোসেনের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা গ্রামে। তিনি সেখানে থাকেন না। ১৯৭৩ সাল থেকে ঢাকার মিরপুর ২ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কের একটি বাড়িতে বসবাস করেন। সরকার তাঁকে ওই বাড়ি বরাদ্দ দিয়েছে। তাঁর বাবার নাম আমীর হোসেন খন্দকার, মা মোছা. সখিনা বেগম। তাঁর দুই স্ত্রী—হাসনাহেনা হোসেন ও মোতায়ারা হোসেন। তাঁর চার ছেলে ও চার মেয়ে। দেলোয়ার হোসেন স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে কিছুদিন চাকরি করেন। পরে আবার বিজিবিতে যোগ দেন। ১৯৮৪ সালে তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।দেলোয়ার হোসেন বলেন, ‘১৯৭১ সালে মৃত্যু খুব কাছে থেকে দেখেছি। সব যুদ্ধই ছিল ভয়াবহ। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে, তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাদের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা ভোগ করছে। তাদের বিচারের জন্য জোর আহ্বান জানাচ্ছি।’সূত্র: দেলোয়ার হোসেন বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরে আবু সাঈদ, সিরাজ উদ্দিন, তাসনুভা জাহান ও নাশিদ মুস্তারী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১।গ্রন্থনা: তারা রহমানtৎৎ[email protected]